ট্রেনের কর্মচারীকে ওবায়দুল কাদেরের থাপড়
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়ার টাকা দাবি করার অপরাধে ট্রেনের কর্মচারী বলরাম দাসকে থাপড় মেরেছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওবায়দুল কাদের ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন পরিদর্শন করার সময় বলরাম দাসকে এ শাস্তি দেন। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, রেলওয়ের পশ্চিম জোনের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম, রেলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আমিনুর রশিদ, পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক পঙ্কজ কুমার সাহা, ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন। রেলওয়ে পশ্চিম জোনের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম বলেন, খুলনাগামী মহানন্দা ট্রেনের এক যাত্রী অভিযোগ করেন, টিকিট কেটে ওঠার পরে ট্রেনের কর্মচারী বলরাম দাস তাঁর কাছে অতিরিক্ত টাকা দাবি করেছেন। এ অভিযোগ শুনে রেলমন্ত্রী তাত্ক্ষণিকভাবে বলরাম দাসকে থাপড় মারেন।মন্ত্রী আজ পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেল কার্যালয়ের অতিথিশালায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বলেন, ‘একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী টিকিট কালোবাজারি করছে, সব লুটেপুটে খাচ্ছে। তারা রেলকে গলা টিপে মারছে। কে কত সম্পদের মালিক হয়েছে, আমি তাদের ছাড়ব না। তাদের বিরুদ্ধে দুদক দিয়ে তদন্ত হবে।’ জনগণ দুর্নীতির অভিযোগ করায় মন্ত্রী ওই বৈঠকে চাটমোহর রেলস্টেশনের মাস্টার গাজী গোলাম ফেরদৌস ও পাকশী রেলভূমি অফিসের কানুনগো আমিরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ ও বদলির নির্দেশ দেন। পরে মন্ত্রী পাবনা-কুষ্টিয়া সংযোগকারী লালন শাহ সেতু ও টোল প্লা¬¬জা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী টোল প্লাজার অনিয়ম সম্পর্কে ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। যোগাযোগমন্ত্রী বলেন, পাকশী রেল বিভাগের এক হাজার ৮৫০ একর জমির মধ্যে এক হাজার ৩০০ একর দখলে রয়েছে। তিনি বেদখল হওয়া বাকি সম্পত্তি এক মাসের মধ্যে পুনর্দখলের নির্দেশ দেন। তিনি রেলওয়ের বেদখল হওয়া স্থাপনা ঘুরে দেখেন এবং অবৈধ দখলদারদের সঙ্গে কথা বলেন। এর আগে মন্ত্রী আকস্মিক পরিদর্শনে পাকশী রিসোর্টে যান এবং দখল করা রেলওয়ের জমির ওপর স্থাপনার নির্মাণকাজ বন্ধ করে দেন।