ট্রেনের কামরা ঠেলে সরিয়ে নারীর প্রাণ রক্ষা
জাপানের এক রেলওয়ে স্টেশনে প্লাটফর্ম ও একটি ট্রেনের কামরা মধ্যে আটকে পড়া এক নারীকে বাঁচাতে একদল যাত্রী ৩২ টন ওজনের কামরাটিকে ঠেলে একদিকে কাত করে নারীটির প্রাণ বাঁচিয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, আজ সোমবার সকালে তাড়াহুড়োর প্রহরে যাত্রীরা এ বিস্ময়কর ও মানবিক ঘটনাটি ঘটান। ওই নারী মাত্র আট ইঞ্চি জায়গায় মধ্যে আটকে পড়েছিলেন।ঘটনাটি ঘটে টোকিওর নিকটবর্তী সাইতমা এলাকার জাপান রেলওয়ে মিনামি উরাওয়া স্টেশনে। জাপানের ইয়োমিউরি শিমবান সংবাদপত্রের এক চিত্রগ্রাহক যাত্রীদের বীরত্বপূর্ণ কাজটির ছবি তোলেন এবং তা পত্রিকাটির সান্ধ্য সংস্করণে প্রকাশিত হয়। আটকে পড়া নারীটির প্রাণ বাঁচাতে স্টেশন কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আবেদন জানালে সেখানে উপস্থিত প্রায় ৪০ জন যাত্রী তত্ক্ষণাত্ কামরা সরাতে লেগে পড়েন। জাপানের সবচেয়ে বেশি সংখ্যক প্রচারিত দৈনিক ইয়োমিউরি শিমবানের খবরে বলা হয়, যাত্রীরা কামরাটিকে ঠেলে একটিকে কাত করে ফেলেন এবং নারীটি প্রাণ বেঁচে যান।অবশ্য এ জন্য ট্রেনটির যাত্রা-সময়ে মাত্র আট মিনিট হেরফের হয়েছে।