ট্রেনের ছাদ থেকে পড়ে ৮ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর, জয়পুরহাটের আক্কেলপুর ও নওগাঁর রানীনগর উপজেলায় গত শুক্রবার রাতে দুটি ট্রেনের ছাদ থেকে পড়ে আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন।এর মধ্যে মির্জাপুরের দেওভোগে ঝুলন্ত বৈদ্যুতিক তারে আটকে রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ও দিনাজপুরের পার্বতীপুরগামী ঈদের বিশেষ ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছেন চারজন। পার্বতীপুরগামী ওই ট্রেনের ছাদ থেকে রানীনগর রেলস্টেশনে এবং আক্কেলপুরে পড়ে মারা যান আরও চারজন। চরম ঝুঁকি সত্ত্বেও যাত্রীরা স্বজনদের সঙ্গে ঈদ করতে ট্রেনের ছাদে চড়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।নিহত যাত্রীরা হলেন পাবনার ফরিদপুর উপজেলার বিয়েলমারী গ্রামের আল মামুন (২২), চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার খালে আলেমপুর গ্রামের জহিরুল (২৫), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরদোলা গ্রামের মিন্টু মিয়া (৩৫), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জগরগামী গ্রামের হারুনুর রশিদ (২৫), দিনাজপুরের কাহারোল উপজেলার পানিছাইল গ্রামের দুলাল হোসেন (৪০), পার্বতীপুরের হরিরামপুর গ্রামের উজ্জ্বল (২৮) ও নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটীর জুলফিকার হোসেন (৪২)। মির্জাপুরে নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি।মির্জাপুরে একই স্থানে দুটি দুর্ঘটনা: এলাকাবাসী ও রেলওয়ে পুলিশের ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন বঙ্গবন্ধু সেতুর রেল সংযোগ সড়কে পৌঁছায়। মির্জাপুরের দেওভোগ এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর ঝুলে থাকা পল্লী বিদ্যুতের তারের (নিরাপত্তার জন্য রাখা খাঁচার তার) সঙ্গে আটকে ট্রেনটির পাঁচ যাত্রী ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আল মামুন ও জহিরুল মারা যান। আহত ব্যক্তিদের চিৎকারে ছুটে আসে এলাকাবাসী। তিনজনকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে মারা যান অজ্ঞাত পরিচয়ের এক যাত্রী।একই স্থানে একই তারে আটকে রাত সোয়া নয়টার দিকে পার্বতীপুরগামী ঈদের বিশেষ ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে দুই যাত্রী গুরুতর আহত হন। তাঁদের চিৎকারে এলাকাবাসী এসে কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে যাত্রী মিন্টু মিয়ার মৃত্যু হয়।মিন্টুর স্ত্রী আঙুরি বেগম বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে তাঁরা ঢাকা থেকে ট্রেনের ছাদে উঠে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। পথে তাঁর স্বামী হঠাৎ ট্রেনের ছাদ থেকে পড়ে যান। পরে তিনি মির্জাপুরের মহেড়া স্টেশনে নেমে হাসপাতালে ছুটে যান।দুর্ঘটনাস্থল পরিদর্শনকারী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী হারুন অর রশিদ বলেন, ঝুলে থাকা বিদ্যুতের তার পল্লী বিদ্যুতের লোকজন রেললাইনের ওপর থেকে সরিয়ে নিয়েছেন। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে দিতে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।নিহত ব্যক্তিদের পাঁচজনই বিশেষ ট্রেনের: রেলওয়ের পুলিশের তথ্য অনুযায়ী, পার্বতীপুরগামী ওই বিশেষ ট্রেনটি শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নওগাঁর রানীনগর রেলস্টেশনে পৌঁছায়। সেখানে স্টেশনের উড়ালসেতুর সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান গাইবান্ধার পোশাকশ্রমিক হারুনুর রশিদ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সান্তাহার জিআরপি থানার পুলিশ লাশটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।বগুড়ার সান্তাহার রেল পুলিশের ওসি জসিম উদ্দিন বলেন, ঘণ্টা খানেক পর ট্রেনটি আক্কেলপুরের হলহলিয়া রেলসেতুতে পৌঁছালে সেতুর লোহার ছাউনির সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে গুরুতর আহত হন দুলাল, উজ্জ্বল ও জুলফিকার। বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।এ নিয়ে ঢাকা থেকে পার্বতীপুরগামী ওই বিশেষ ট্রেনের ছাদ থেকে পড়ে পাঁচ যাত্রীর মৃত্যু হয়।হাসপাতাল সূত্র জানায়, নিহত ব্যক্তিরা ঢাকায় শ্রমিকের কাজ করতেন। ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে তাঁরা ট্রেনের ছাদে ওঠেন।দুটি ঘটনায় সান্তাহার জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।পার্বতীপুর রেলজংশনের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম বলেন, ঈদের বিশেষ ট্রেনটি শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে গতকাল সকাল ছয়টার দিকে পার্বতীপুর স্টেশনে পৌঁছায়।হলহলিয়া রেলসেতুতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা: আক্কেলপুরের হলহলিয়া রেলসেতুতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এর আগেও ওই সেতুতে লোহার ছাউনির সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে অনেক যাত্রী হতাহত হয়েছেন।গতকাল সকালে ওই রেলসেতুতে গিয়ে দেখা গেছে, একটি ট্রেন সেতুটি অতিক্রম করছে। ট্রেনের ছাদের ওপরে থাকা লোকজন শুয়ে পড়েছেন। ট্রেনটি সেতু অতিক্রম করার পর তাঁরা উঠে বসেন। ট্রেনের ছাদে থাকা লোকজন শুয়ে না পড়লে দুর্ঘটনার আশঙ্কা ছিল।আক্কেলপুর স্টেশন উন্নয়ন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, হলহলিয়া রেলসেতুটি ব্রিটিশ আমলে তৈরি। তখনকার বাস্তবতা আর এখনকার বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য। ঈদে ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে লোকজন বাধ্য হয়ে ছাদে ওঠে। ছাদে থাকা লোকজন যেন সেতুতে ধাক্কা না খায়, সেই ব্যবস্থা করতে হবে।আনোয়ারুল বলেন, সেতুতে ধাক্কা লেগে প্রতিবছরই মানুষ মরছে। গত দুই বছরেই ১০-১২ জন মারা গেছেন।যোগাযোগ করা হলে আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, ‘ট্রেনের ছাদে যাত্রী ওঠা সম্পূর্ণ অবৈধ। তার পরও লোকজন ট্রেনের ছাদে ওঠেন।’প্রতিবছরই হলহলিয়া সেতুতে ধাক্কা লেগে মানুষ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে খাদিজা বলেন, মারা যাওয়ার সঠিক হিসাব স্টেশনে নেই।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, বগুড়া; আদমদীঘি (বগুড়া), আক্কেলপুর (জয়পুরহাট), পার্বতীপুর (দিনাজপুর) ও মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি]