ট্রেনের টিকিট পেতে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট দেওয়ার চতুর্থ দিনে আজ মঙ্গলবার কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। তবে টিকিট দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়মের অভিযোগ করেননি টিকিটপ্রত্যাশীরা।ভোর থেকেই টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা গেছে। একপর্যায়ে তা কম্পাউন্ড ছাড়িয়ে যায়। সময় যত গড়ায়, লাইনও তত দীর্ঘ হতে থাকে। লাইন দেওয়া শুরু হয় গতকাল সন্ধ্যা সাতটায়। আজ টিকিট দেওয়া হচ্ছে ২৫ অক্টোবরের যাত্রার। এবার পবিত্র ঈদুল আজহা ও পূজার ছুটি পাশাপাশি পড়ায় ঘরমুখো মানুষের ভিড় বেশি।একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র খায়রুল ইসলাম। বন্ধুদের নিয়ে তিনি লাইনে দাঁড়ান গতকাল রাত ১০টায়। তখনো তাঁর সামনে ছিলেন ১০২ জন। খায়রুল ও তাঁর বন্ধুরা টিকিট পেয়েছেন আজ সকাল আটটায়।গতকাল রাত আটটায় রাজশাহীগামী ধূমকেতু ট্রেনের টিকিটের জন্য দুলাল হোসেন নামের একজন লাইনে দাঁড়ান। আজ সকাল আটটায় তিনি টিকিট পেয়েছেন।দুলাল হোসেন জানান, টিকিট পেতে কোনো সমস্যা হয়নি। কারণ, যাত্রীরা নিজেরাই টোকেনের ব্যবস্থা করেছেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ এ ব্যবস্থা করলে আরও ভালো হতো।নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের জন্য সকালে দাঁড়িয়ে ৪৫ মিনিটের মধ্যেই টিকিট পেয়েছেন মিজানুর রহমান। তবে চেয়ারকোচ নয়, তিনি পেয়েছেন শোভন শ্রেণীর টিকিট। মিজানুর জানান, কর্তৃপক্ষ বারবার বলছে, টিকিট প্রায় শেষ। এ কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকে।এদিকে রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক খায়রুল বশীর জানিয়েছেন, ট্রেন ছাড়ার দিন স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। তবে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের ব্যাপারটাও মাথায় আছে তাঁদের। তাই স্ট্যান্ডিং টিকিটের সংখ্যা সীমিত থাকবে।মন্ত্রীর পরিদর্শনরেলের টিকিট কেনাবেচার পরিস্থিতি পরিদর্শনে সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি সাংবাদিকদের বলেন, রেলের সেবার মান উন্নয়নের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের ১০০টি রেলস্টেশন চিহ্নিত করে সেগুলোর সার্বিক উন্নয়ন করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলের আধুনিকায়নে প্ল্যাটফর্ম মেরামত, সংস্কার, বর্ধিতকরণসহ ছয় ধরনের উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী বছরের নভেম্বরের মধ্যে একটি ট্যাংকলরি, ২০টি ডিজেল ইঞ্জিন ও ২০০টি বগি রেলে সংযোজন করা হবে বলে মন্ত্রী আশা করেন।এ ছাড়া এবারের ঈদ সামনে রেখে ১৪টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ছয়টি পশ্চিমাঞ্চলে, চারটি পূর্বাঞ্চলে ও কিশোরগঞ্জ-ভৈরব রুটে চারটি বিশেষ ট্রেন চালু থাকবে। যাত্রার দিনে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটি দেওয়া হবে। বিশেষ ট্রেনের সময়সূচি ঈদ উপলক্ষে বিশেষ ট্রেনের সময়সূচি জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যে তিনটি রুটে ট্রেনগুলো চলবে তা হলো: ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ঢাকা-পার্বতীপুর-ঢাকা ও ঢাকা-খুলনা-ঢাকা।ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে বিশেষ ট্রেনটি ছাড়বে সকাল পৌনে নয়টায়, পৌঁছাবে বেলা দুইটা ৩৫ মিনিট। ট্রেনটি ঢাকা অভিমুখে রওনা দেবে বেলা তিনটা ১০ মিনিটে, পৌঁছাবে রাত ১০টা ২০ মিনিটে। ঢাকা থেকে পার্বতীপুরের উদ্দেশে বিশেষ ট্রেনটি ছাড়বে বিকেল চারটা ২৫ মিনিটে, পৌঁছাবে রাত দেড়টায়। ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা করবে সকাল ছয়টায়, পৌঁছাবে বেলা তিনটা ১০ মিনিটে।ঢাকা থেকে খুলনার উদ্দেশে বিশেষ ট্রেনটি ছাড়বে সকাল নয়টা ১৫ মিনিটে, পৌঁছাবে সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে। ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা করবে রাত ১০টায়, পৌঁছাবে সকাল আটটা ১৫ মিনিটে।