নয় ঘণ্টা আগে স্টেশনের বাইরে টেম্পোস্ট্যান্ডে লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত টিকিট কাউন্টারের কাছাকাছি এসেছেন, এমন সময় কথা হয় খলিলুর রহমান ও নয়ন হাসানের সঙ্গে। তাঁদের মনে সেই মুহূর্তের ভয়, সামনে তখনো বেশ কয়েকজন, একটু পরই না শুনতে হয় টিকিট শেষ।ঘটনাস্থল কমলাপুর রেলস্টেশন। সময় গতকাল শনিবার বেলা ১১টা। দুই বন্ধু খলিল ও নয়নের আগের রাত ১০টা থেকে প্রতীক্ষা নীলসাগর ট্রেনের দুটি টিকিটের জন্য।খুলনার যাত্রী আল আমিন শেখ স্টেশনে এসেছিলেন শুক্রবার রাত তিনটায়। এটুকু ‘দেরির’ জন্য দুপুরেও তিনি স্টেশনের আঙিনায় উঠতে পারেননি। এত কষ্টের পর কাউন্টার থেকে ‘টিকিট শেষ’ বলে দিলে কী হবে—নিঃসন্দেহে এই ভাবনা ছিল লাইনে অপেক্ষমাণ সবার মধ্যেই। তার পরও আশা নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না তাঁদের। ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে গতকালই। দুপুরের দিকেই একতা, নীলসাগর, সুবর্ণ এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, পদ্মা ও সিল্কসিটির টিকিট বিক্রি শেষ হয়ে যায়। আজ রোববার থেকে অগ্রিম টিকিটের ট্রেনগুলোর যাত্রা শুরু হবে। এদিকে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। ভিড় এড়াতে গতকালও অনেকেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছে। এ জন্য ট্রেন ও বাসটার্মিনালগুলোতে ছিল ঘরে ফেরা মানুষের ভিড়। সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো ছিল যাত্রীতে পরিপূর্ণ। টিকিটের জন্য দৌড়ঝাঁপ: হয়রানি আর অনিশ্চয়তা সত্ত্বেও নিরুপায় রাজধানীবাসী গ্রামের বাড়ির টানে টিকিট কিনতে কমলাপুর রেলস্টেশনে ভিড় জমাচ্ছেন হাজারে হাজারে। ভিড় সামলাতে নিরাপত্তারক্ষীরা হিমশিম খাচ্ছিলেন। টিকিট পেতে দেরি হওয়ায় অনেকেই হইচই শুরু করেন। এ সময় পুলিশের সঙ্গে টিকিটপ্রত্যাশীদের ধাকাধাক্কির ঘটনাও ঘটে। কর্মকর্তারা জানান, রেলওয়ের টিকিট আছে ১২ হাজারের মতো। কিন্তু ঈদের আগে ৮ ও ৯ তারিখের জন্য এক লাখ টিকিট ছাড়লেও বিক্রি হবে। ছুটির কারণে এ দুই দিনের টিকিটের জন্যই হাহাকার বেশি।চট্টগ্রামের মামুন খান বললেন, গত বছর সড়কপথে অত্যধিক যানজটের কারণে এবার ট্রেনে যেতে চেয়েছিলেন। কিন্তু কমলাপুরের পরিস্থিতি দেখে তিনি হতভম্ব। ট্রেনের টিকিটের জন্য হাহাকার হলেও পাশেরই রাষ্ট্রনিয়ন্ত্রিত বিআরটিসি বাস ডিপোয় ভিড় নেই। সেখানে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কাউন্টারের কর্মীরা জানালেন, বিআরটিসির বাসে অগ্রিম টিকিট খুব একটা বিক্রি হয় না। তবে ৮ ও ৯ তারিখে বিক্রি বেড়ে যাবে। বিআরটিসির উপমহাব্যবস্থাপক মেজর কাজী সফিক উদ্দিন প্রথম আলোকে জানান, ঈদ ঘনিয়ে এলে বিক্রি বেড়ে যাবে। এখন অনেকে একসঙ্গে মিলে বিআরটিসির বাস রিজার্ভ নেওয়ারও চেষ্টা করছেন বলে তিনি জানান।এদিকে রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে অনেক বাস কোম্পানির লোকজন বসে আছেন ঈদের আগের দুই দিনের অপেক্ষায়। সাধারণ মানের এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি করা হয়নি। প্রতিবারের মতো শেষ মুহূর্তে এসে দ্বিগুণ দামে টিকিট বিক্রি করার পরিকল্পনার কথা জানিয়েছেন কয়েকজন পরিবহনকর্মী। সায়েদাবাদে সিলেটগামী মিতালী পরিবহনের কন্ডাক্টর জুলহাস জানান, ঈদের দুই দিন আগে থেকে টিকিটের দাম জিজ্ঞেস করার সময় পান না যাত্রীরা। কোনো মতে বাসে উঠতে পারলেই চলে। তখন তাঁরা কিছু বেশি ভাড়া রাখেন। কুমিল্লার ভিআইপি পরিবহনের কর্মী আসাদুল্লাহ বলেন, ‘ঈদের দুই-তিন দিন আগেই তো আসল ব্যবসা। এরপর তো কয়দিন বসে বসে মাছি মারতে হবে।’বিলাসবহুল বাসের টিকিট এখন ‘সোনার হরিণ’। এসব বাস কোম্পানি গত মাসের ২৫ তারিখ অগ্রিম টিকিট বিক্রি শুরু করে সেদিনই কয়েক ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার কথা জানায়। কেউ কেউ বাড়তি টাকা দিয়ে টিকিট পেয়েছেন বলে জানিয়েছেন।