ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, আহত দুই সন্তান
রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে আজ শুক্রবার সকালে এক দুর্ঘটনায় রিকশার যাত্রী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে নিহত নারীর দুই শিশু সন্তানসহ আরও একজন।দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে কর্তব্যরত গেটম্যান মজিবুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, সকাল সাতটার পর কমলাপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেট কার, একটি সিএনজিচালিত অটোরিকশা ও তিনটি রিকশা দুমড়েমুচড়ে যায়। একই কথা বলেছেন স্থানীয় লোকজন।গেটম্যান দাবি করেন, দুর্ঘটনার সময় গেট আটকানো ছিল। কিন্তু ভুল দিক দিয়ে এসব যানবাহনের চালকেরা রেললাইন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে। মজিবুর রহমানের ভাষ্য, এভাবে লাইন পার হওয়ার সময় বাধা দেওয়া হলে কেউ কথা শোনে না। উল্টো গায়ে হাত তোলে।জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার কামাল প্রথম আলো ডটকমকে জানান, দুর্ঘটনায় নিহত নারীর নাম রত্না খন্দকার (৩০)। বাসা ৩১৬/১, খিলগাঁও প্রথম গলিতে। আহত ছেলে রিফাতের বয়স ১৪ ও মেয়ে রশ্মির বয়স ৬ বছর। রিফাত মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র।ঢাকা মেডিকেলে উপস্থিত রিপনের ভগ্নিপতি আব্দুল লতিফ প্রথম আলো ডটকমকে জানান, গত ৯ ডিসেম্বর বিএনপির ডাকা অবরোধের পর দিন ১০ ডিসেম্বর রিপনকে নয়পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। রিপন এখন কারাগারে আছেন। আজ সকালে স্বামীর সঙ্গে কারাগারে দেখা করার জন্য ছেলে ও মেয়েকে নিয়ে গোড়ান এলাকার বাসা থেকে কারাগারের যাচ্ছিলেন রত্না। পথে এই দুর্ঘটনার শিকার হন। রিপন বনানীর একটি রেস্তোরাঁর ব্যবস্থাপক।দুর্ঘটনার পর রিফাত ও রশ্মিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান খিলগাঁও রেলগেটের পার্শ্ববর্তী এলাকাবাসী আমেনা ফেরদৌসী। তিনি বলেন, ‘রশ্মির আঘাত গুরুতর। ওর প্রায় পুরো পিঠের চামড়া উঠে গেছে। মাথা ফেটে গেছে। বাম হাতে একটি লোহার রড ঢুকেছে। হাসপাতালে যাওয়ার পথে জ্ঞান হারিয়ে ফেলে রশ্মি। রিফাত কথা বলতে পারলেও ওর মাথা ফেটে শরীর থেকে প্রচুর রক্ত ঝরছিল।’