চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গতকাল বুধবার ট্রেনের ধাক্কায় একটি জিপ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এতে নিহত হয়েছেন জিপের পাঁচ আরোহী। আহত হয়েছেন দুজন। নিহত ব্যক্তিদের সবাই রাষ্ট্রায়ত্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা-কর্মচারী। দুর্ঘটনা তদন্তে রেলওয়ে বিভাগ তিনটি কমিটি গঠন করেছে।বাড়বকুণ্ডের শুকলালহাট এলাকায় অবস্থিত প্রগতির কারখানার সামনে বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করছিল। এর কয়েক মুহূর্ত আগে সাত কর্মকর্তা-কর্মচারী নিয়ে প্রগতির জিপটি রেললাইনের ওপর উঠে এলে দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন প্রগতির হিসাব বিভাগের শাখা কর্মকর্তা তোফায়েল আহমদ (৩২), বিপণন সহকারী কর্মকর্তা ছালেহ আহমদ (৫৩), হিসাব সহকারী বাদল বড়ুয়া (৫৫), অফিস সহকারী আহসান উল্লাহ (৫২) ও জিপচালক মোরশেদুল আলম (৪০)। ছালেহ আহমদ ও বাদলের বাড়ি বাড়বকুণ্ড এলাকায়। তোফায়েলের বাড়ি লাকসাম, আহসানের নোয়াখালী এবং মোরশেদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী বলে জানা গেছে। আহত দুজন হলেন আবদুল বারেক (৫০) ও খায়রুল আলম (৫৮)। তাঁরা দুজনই কারখানার নিরাপত্তাকর্মী। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। জানা গেছে, দুর্ঘটনার পর কিছু দূর গিয়ে ট্রেনটি থেমে যায়। দুর্ঘটনাজনিত যান্ত্রিক ত্রুটির কারণে সেটি সেখানে দাঁড়িয়ে থাকে প্রায় এক ঘণ্টা। পরে মেরামত শেষে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। প্রগতির উপমহাব্যবস্থাপক (বিপণন) মো. রেহান উদ্দিন প্রথম আলোকে জানান, ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তিদের লাশ গতকাল রাতে নিজ নিজ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারখানার লোকজন বেরিয়ে আসেন। ফলে গতকাল প্রগতিতে কোনো কাজকর্ম হয়নি। পাঁচ কর্মীর মৃত্যুতে সহকর্মীরা ছিলেন শোকে মুহ্যমান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাড়ে ১০টার দিকে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের বটতলী রেলস্টেশন ছেড়ে যায়। বেলা ১১টার দিকে প্রগতির কারখানার সামনের রেললাইন এলাকায় পৌঁছায়। এ সময় কারখানার সামনে রেলের লেভেল ক্রসিং খোলা পেয়ে সাত আরোহী নিয়ে জিপটি লাইনের ওপর উঠে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড গতিতে ছুটে আসা ট্রেনটি জিপটিকে ধাক্কা দিলে সেটি প্রায় দেড় শ ফুট দূরে ছিটকে পড়ে। জিপটির বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে। মূল অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন অচেতন অবস্থায় দুজনকে দুমড়ে-মুচড়ে যাওয়া জিপ থেকে টেনে বের করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। জানা গেছে, বাড়বকুণ্ড প্রগতি কারখানার সামনের লেভেল ক্রসিংটি বৈধ ক্রসিং। এই ক্রসিংয়ের এক পাশে বাঁশের গেট রয়েছে। অন্য পাশ অর্থাৎ প্রগতির কারখানার দিকে কোনো গেট নেই। তাই জিপটি সহজে রেললাইনে উঠে পড়তে সক্ষম হয়। ওই সময় গেটম্যান ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানান।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, গেটম্যান দুর্ঘটনার সময় ছিল না। তাই গাড়িটি নির্বিঘ্নে লাইনে উঠে পড়ে।’ রেলের তদন্ত কমিটি: বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা বলেন, ‘ঘটনা তদন্তে আমরা চার সদস্যের একটি কমিটি করেছি। কমিটি ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেবে।’ এ ছাড়া আরও দুটি কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।জানা গেছে, রেলওয়ের অতিরিক্ত প্রধান পরিবহন কর্মকর্তা সৈয়দ জহিরুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, তার অন্য সদস্যরা হলেন অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী হাফিজ চৌধুরী, অতিরিক্ত প্রধান সংকেত প্রকৌশলী আবুল কালাম ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ) সুকুমার ভৌমিক। কমিটি ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেবে। অন্যদিকে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক পাঁচ সদস্যের অপর একটি তদন্ত কমিটি গঠন করেন। এ কমিটির প্রধান হচ্ছেন পরিবহন কর্মকর্তা জাকির হোসেন। এই কমিটিকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।এ ছাড়া তদন্তে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট বেলাল উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের অপর একটি কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।