ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিগন্যাল অমান্য করে রেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে। গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক মনির হোসেন (২৬)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।ঢাকার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন জানান, সকাল নয়টা ৫০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসে জামালপুরগামী ট্রেন অগ্নিবীণা এক্সপ্রেস। ট্রেনটি খিলগাঁও রেলক্রসিং অতিক্রম করার আগেই গেটম্যান রাস্তার দুই দিকের ব্যারিকেড দণ্ড নামিয়ে দেন। এ সময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৪-৯১২৩) সিগন্যাল অমান্য করে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এরই মধ্যে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন গাড়ির চালক মনির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গাড়িটির মালিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক। তিনি দুর্ঘটনার সময় গাড়িতে থাকলেও সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন।ঘটনার পর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটিকে আরেকটি ইঞ্জিন দিয়ে টেনে কমলাপুর রেলস্টেশনে নেওয়া হয়। এক ঘণ্টা পর ট্রেনটি জামালপুরের উদ্দেশে রওনা হয়।