ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ও যশোর সদরের রাজারহাট রেলক্রসিংয়ে গতকাল শনিবার দুটি ট্রেনের ধাক্কায় দুই বাসের ১২ জন যাত্রী নিহত হয়েছে। এর মধ্যে শশীদলে আটজন এবং যশোরে চারজন নিহত হয়েছে। দুটি দুর্ঘটনায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।রেলওয়ের কর্মকর্তা ও পুলিশের ভাষ্যমতে, দুর্ঘটনাস্থল শশীদল রেলস্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল রেলক্রসিংটির অনুমোদন না থাকায় সেখানে কোনো নিরাপত্তা গেট ছিল না। আর রাজারহাটের রেলক্রসিংয়ের অনুমোদন থাকলেও দুর্ঘটনার সময় নিরাপত্তা গেট নামানো ছিল না। নিহতদের পরিচয়: কুমিল্লায় নিহত ব্যক্তিরা হলো: শশীদল গ্রামের প্রয়াত আলী আশরাফের ছেলে ফয়সাল আহমেদ (১৪), একই গ্রামের নাহিদ মিয়া (১৭), নাগাইশ গ্রামের পাখি আক্তার (১১), বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের সাবিনা আক্তার (১৩), মিরপুর গ্রামের সোহেল (১৫), কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আলাউদ্দিন (৪০), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ফরিদুর রহমান (৩০) ও একই উপজেলার বাদশা মিয়া (২৫)। যশোরে নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ও জেলার কেশবপুর উপজেলার কাকিলাখালী গ্রামের নিরঞ্জন দাসের ছেলে দেবব্রত দাস (২৫), কেশবপুর হাসপাতালসংলগ্ন এলাকার মোস্তফা কামালের ছেলে মুশফিকুল আল হেলাল (২৩) ও মনিরামপুরের দেবিদাসপুর গ্রামের গৃহিণী মমতাজ বেগম (৩২)। কুমিল্লায় যেভাবে দুর্ঘটনা হলো: ব্রাহ্মণপাড়ার বাগড়া এলাকায় যেতে গোমতী সুপার পরিবহনের (চট্টগ্রাম-জ-১২৪৫) একটি বাস গতকাল সকাল নয়টা পাঁচ মিনিটে কুমিল্লা শহরের চানপুর বাসস্ট্যান্ড ছেড়ে যায়। বাসটির আহত যাত্রী শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের সহকারী গ্রন্থাগারিক জেসমিন নাহার (৩০) প্রথম আলোকে জানান, ‘বাসে ৪৫ জন যাত্রী ছিল। সকাল ১০টা ১৫ মিনিটে বাসটি শশীদল রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি বাসটির পেছনের অংশে ধাক্কা দেয়। মুহূর্তে বাসটি ১০-১২ ফুট ওপরে উঠে রেললাইনের পাশে আছড়ে পড়ে। ওই সময় বাসের জানালা, সামনের ও পেছনের কাচ চুরমার হয়ে যাত্রীরা পাশের খালে পড়ে। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি, আমি আহত অবস্থায় পড়ে আছি।’ খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মীরা উদ্ধার তত্পরতা চালান। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, স্থানীয় বাসিন্দা এমরান হোসেন ও সোহেল মিয়া জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাত যাত্রী মারা যায়। পরে কুমিল্লায় নেওয়ার পথে আরও এক যাত্রী মারা যায়। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে আছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মঞ্জুর আহমেদ, ব্রাহ্মণপাড়ার শশীদল গ্রামের আবদুল হামিদ, ইকবাল হোসেন, ইব্রাহিম, মল্লিকার দীঘি গ্রামের হারুন মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামের সিরাজ উদ্দিন, নয়নপুর গ্রামের আনু সরকার, আমজাদ হোসেন, ফরিদ মিয়া ও আকলিমা বেগম। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি ব্যক্তিদের নাম জানা যায়নি।ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শশীদল গ্রামের আবদুল হামিদ নামের একজন ভর্তি হয়েছিলেন। পরে তাঁকে কুমিল্লায় পাঠাই।’শশীদল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রশিদুল আলম জানান, ‘দুর্ঘটনার কারণে ৭২১ নম্বর মহানগর প্রভাতী এক্সপ্রেস, ৭১২ নম্বর উপকূল এক্সপ্রেস ও ৪৫ নম্বর সমতট এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’প্রশাসনের সঙ্গে স্থানীয়দের বৈঠক: দুর্ঘটনার পর দুপুর পৌনে একটার দিকে শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে ফিটনেসবিহীন বাস চলাচলের ওপর কড়াকড়ি আরোপ, ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাস না চালানো, রেলক্রসিংয়ে বেসরকারি ব্যবস্থাপনায় লোক নিয়োগ, লোক নিয়োগের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি লেখা ও আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিত্সাসেবা দেওয়ার সিদ্ধান্ত হয়। যশোরে যেভাবে দুর্ঘটনা হলো: প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, একে ট্রাভেলের একটি বাস ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে বাসটি যশোর সদর উপজেলার রাজারহাট রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় হঠাত্ করে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস (৭৬৪ ডাউন) এসে বাসটির পেছনে ধাক্কা দেয়। মুহূর্তে বাসটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে উল্টে পড়ে। ট্রেনটির সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে বাসের চারজন যাত্রী নিহত হয়। আহত হয় ২০ জন।বাসটির সুপারভাইজার সৈকত, ঢাকার এশিয়ান ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বাদল ইসলাম, সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া গ্রামের মোস্তাক আহম্মেদসহ অন্তত ১৫ জনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলওয়ে পুলিশের (জিআরপি) খুলনার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার পর চিত্রা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আরেকটি ইঞ্জিন (পাওয়ার যান) দিয়ে সেটি খুলনায় টেনে নেওয়া হয়। এ ব্যাপারে ট্রেন দুর্ঘটনার মামলা হয়েছে।’ যোগাযোগ করা হলে রেলওয়ে যশোরের সহকারী প্রকৌশলী নাঈমুল হক প্রথম আলোকে জানান, ‘গেটম্যান রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় তিনি ক্রসিংয়ে গেট নামাতে পারেননি। দায়িত্বে অবহেলার কারণে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রুবেল অস্থায়ী কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।’দুটি তদন্ত কমিটি গঠন: রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মো. মজিবর রহমান জানান, ‘ব্রাহ্মণপাড়ায় দুর্ঘটনার খবর পেয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে শশীদলে পাঠানো হয়েছে। তাঁরা হলেন: রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. শাহনেওয়াজ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী সাদিকুর রহমান ও আবুল কালাম চৌধুরী। শিগগিরই তাঁরা প্রতিবেদন জমা দেবেন।’ আর যশোরে দুর্ঘটনা তদন্তের জন্য রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আমজাদ হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।