চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আনোয়ার হোসেন ওরফে সুইট (২২) নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে চিকিত্সক আনোয়ার হোসেনের আত্মহত্যার ব্যাপারটি নিশ্চিত করেছেন। গত শনিবার রাতে নগরের ভদ্রা রেলক্রসিং এলাকা থেকে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।আনোয়ার হোসেন নগরের ধরমপুর এলাকার নূরুন্নবীর ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য গবেষণা বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলেন। দুই ভাইয়ের মধ্যে আনোয়ার ছোট। পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে নগরের ভদ্রা জামালপুর এলাকায় রেললাইনের ওপর অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে আছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এ সময় ঘটনাস্থলে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হওয়া এক যুবকের লাশ দেখতে পাওয়া যায়। লাশটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। প্রথমে পরিচয় জানা না গেলেও রাত দুইটার দিকে স্থানীয় লোকজন এসে লাশটিকে শনাক্ত করলে পরে তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়।আনোয়ারের বাবা নূরুন্নবী জানান, শনিবার সন্ধ্যায় আনোয়ার বাড়ি থেকে বের হন।নিহতের এক নিকট আত্মীয় সাইফুল ইসলাম জানান, আনোয়ার ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। প্রতিপক্ষের লোকেরা তাঁকে হত্যা করে রেললাইনের ওপরে ফেলে রাখতে পারে।রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিত্সক আলী আকবর বলেন, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলে যেসব লক্ষণ দেখা যায়, লাশের শরীরের সেসব লক্ষণই ছিল। হত্যা করার কোনো চিহ্ন লাশের শরীরে ছিল না। এ অবস্থায় ময়নাতদন্তে আত্মহত্যার বিষয়টিই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে।জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, বিষয়টি হত্যা, নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।