ঈদের ঠিক আগে নরসিংদীর ঘটনায় ওলটপালট হয়ে যাওয়া ট্রেনের সময়সূচি গতকাল বৃহস্পতিবার স্বাভাবিক হতে শুরু করে। গতকাল ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জ ও ঢাকা-নোয়াখালী পথের ট্রেনগুলো তুলনামূলকভাবে কম দেরিতে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।আজ শুক্রবার থেকে ঈদ উপলক্ষে সাত জোড়া বিশেষ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। এই বিশেষ ট্রেন ঈদের আগে তিন দিন এবং ঈদের এক দিন পর থেকে টানা সাত দিন চলবে। ঈদের আগের বিশেষ ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে। ঈদের পরের বিশেষ ট্রেনের টিকিট বিক্রি হবে আজ থেকে।গত মঙ্গল ও বুধবারের বিপর্যয়ের জের ধরে গতকাল চট্টগ্রামগামী মহানগর গোধূলি দুই ঘণ্টা, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস এক ঘণ্টা ও সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস দুই ঘণ্টা দেরিতে কমলাপুর ছাড়ে। দুই দিনের বিপর্যয়ের কারণে অনেক যাত্রী সময়মতো ট্রেন ছাড়বে কি না, তা নিয়ে সংশয় ও উদ্বেগে ছিলেন।গতকাল বিকেলে কমলাপুর স্টেশনে যাত্রীদের ঢল নামে। এ সময়ের ট্রেনগুলোতে ছিল উপচে পড়া যাত্রী। সুবর্ণ এক্সপ্রেসের যাত্রী আবদুল আউয়াল বলেন, ‘ট্রেন বিলম্বে ছাড়লেও স্টেশনে সময়মতোই আসতে হয়েছে। ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই। কেননা, কোনো কারণে এত কষ্ট করে কাটা অগ্রিম টিকিটে যাত্রা করতে না পারলে অনিশ্চয়তায় পড়ে যাব।’চট্টগ্রামগামী ট্রেনগুলোতে যাত্রীর চাপ বেশি হওয়ার একটি কারণ ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ যানজট। অনেককে শেষ মুহূর্তে আসনবিহীন টিকিট কেটে ট্রেন ধরতে দেখা গেছে। বিকেলে আসনবিহীন টিকিটের জন্য দেখা যায় দীর্ঘ লাইন।মহানগর গোধূলি ট্রেনের টিকিট কাটতে লাইনে দাঁড়ানো আনিসুর রহমান বলেন, ‘মহাসড়কের যানজটে আটকা থাকার চেয়ে ট্রেনে দাঁড়িয়ে গেলেও ভালো।’ আসনবিহীন টিকিট কিনতে তিনি এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, নরসিংদীতে যে ট্রেনটি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটিও বিকল্প ব্যবস্থায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। আর কোনো সমস্যা না হলে ট্রেন চলাচল আজকের (শুক্রবার) মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি জানান।বিশেষ ট্রেন: ঈদ উপলক্ষে বিশেষ ট্রেনগুলো চলাচল করবে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, চট্টগ্রাম-আখাউড়া-চট্টগ্রাম, দেওয়ানগঞ্জ-ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-পার্বতীপুর-ঢাকা এবং ঢাকা-খুলনা-ঢাকা পথে। এ ছাড়া ঈদের দিন ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহের মধ্যে বিশেষ ট্রেন চলাচল করবে। যেসব বিশেষ ট্রেন ঢাকা থেকে চলবে, শুধু সেগুলোরই টিকিট কমলাপুর স্টেশন থেকে পাওয়া যাবে। বিশেষ ট্রেনের জন্য ৯ নভেম্বরের যাত্রার টিকিট ২ নভেম্বর, ১০ নভেম্বরের টিকিট ৩ নভেম্বর, ১১ নভেম্বরের টিকিট ৪ নভেম্বর, ১২ নভেম্বরের টিকিট ৫ নভেম্বর এবং ১৩ নভেম্বরের টিকিট ৬ নভেম্বর পাওয়া যাবে।মন্ত্রীর সফর: নরসিংদীতে পুড়িয়ে দেওয়া এগারসিন্দুর ট্রেনের নয়টি বগি মেরামতে দুই কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী। গতকাল সকালে কমলাপুর স্টেশনে রেলের ঈদসেবা পরিদর্শন করতে গিয়ে সৈয়দ আবুল হোসেন এ কথা জানান। মন্ত্রী আরও জানান, ঈদ উপলক্ষে সাত জোড়া বিশেষ ট্রেন ছাড়াও বিভিন্ন পথে চলাচলকারী ট্রেনগুলোর সঙ্গে ৩৬টি ব্রডগেজ ও ২০টি মিটার গেজ বগি যোগ করা হয়েছে। এর ফলে অন্যবারের তুলনায় যাত্রী পরিবহনের ক্ষমতা বেড়েছে। এ সময় যোগাযোগ মন্ত্রণালয়ের রেল বিভাগের সচিব ফজলে কবীর, রেলওয়ের মহাপরিচালক আবু তাহেরসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।