ট্রেনের সময়সূচি এখন অনেক ভালো: রেলমন্ত্রী
রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘ট্রেনের সময়সূচি এখন আগের তুলনায় অনেক ভালো। ট্রেনের শিডিউল ভেঙে পড়েছিল। আমরা সে অবস্থা অনেকটা স্বাভাবিক করেছি।’আজ রোববার দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, রেলের লোকসানের পরিমাণ সাড়ে সাত কোটি টাকা। এটি কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকারই প্রথমবারের মতো রেল উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতায় আরও একটি যাত্রীবাহী ক্যারেজ (বগি) সংযোজন কারখানা নির্মাণ করা হবে। এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘প্রথম আলোয় প্রকাশিত পার্বতীপুরের লোকোশেড থেকে রেলের তেল চুরি খবর দেখে আমরা তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি।’ বিষয়টির অধিকতর তদন্ত হচ্ছে বলে জানান তিনি।সৈয়দপুরে রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, অতিরিক্ত মহাপরিচালক মো. খলিলুর রহমান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আমজাদ হোসেন, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. মঞ্জুর-উল-আলম চৌধুরী, নীলফামারী জেলা প্রশাসক মো.আব্দুল মজিদ প্রমুখ।এদিকে রেলমন্ত্রী সুরঞ্জিত সেন আজ সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের বলেন, সবচেয়ে নিরাপদ বাহন ট্রেন। জনগণ পরিবার-পরিজন নিয়ে নিরাপদে ট্রেনে যেতে চায়। তা ছাড়া এটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। কিন্তু দেশি-বিদেশি চক্রান্তের ফলে সেই রেল আজ মৃত প্রায়। এ অবস্থায় বর্তমান সরকার রেলকে বাঁচানোর জন্য আলাদা মন্ত্রণালয় করেছে।সুরঞ্জিত সেন আরও বলেন, ‘নেপাল, ভুটান, ভারতীয় উপমহাদেশ, মিয়ানমার এমনকি চীনসহ পুরো এশিয়া মহাদেশে এ রেললাইন নিয়ে যাওয়ার পরিকল্পনার সঙ্গে আমরা যুক্ত হয়েছি। সরকারের হাতে সময় নেই। রাতারাতি তেমন কিছু করা যাবে না। তার পরও কিছুই করা যাবে না তা নয়।’এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফজলে কবীর, রেলের মহাপরিচালক (ডিজি) আবু তাহের প্রমুখ।পার্বতীপুর রেলস্টেশন রি-মডেলিংয়ের জন্য ১০৩ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা দীর্ঘদিন থেকে ঝুলে ছিল। কিন্তু এটি বাস্তবায়নে রেলমন্ত্রী কোনো ঘোষণা দেননি। তা না দিয়ে তিনি সংস্কারকাজে মাত্র দুই কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেন। ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এ নিয়ে হতাশা জানান। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে মৃদু বাদানুবাদ হয়।