সময়মতো ইঞ্জিন প্রস্তুত না থাকায় চট্টগ্রামমুখী আন্তনগর ট্রেন ‘তূর্ণা নিশীথা’ এক্সপ্রেস গত শনিবার রাতে নির্ধারিত সময়ের এক ঘণ্টা ২৫ মিনিট পর ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছাড়ে। রোববার সকালে এটি চট্টগ্রামে পৌঁছায় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর।একই রাতে সিলেট ও ঢাকার মধ্যে চলাচলকারী আন্তনগর ট্রেন ‘উপবন এক্সপ্রেস’ সিলেট স্টেশন ছাড়ে নিয়মিত সময়ের আধা ঘণ্টা দেরিতে। এক ঘণ্টা ১০ মিনিট দেরিতে রোববার সকালে এটি ঢাকায় পৌঁছায়।ঢাকা থেকে সিলেটের মধ্যে চলাচলকারী মেইল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার স্টেশন ছাড়ার কথা ছিল শনিবার রাত নয়টায়। কিন্তু ছেড়েছে রাত দেড়টায়, অর্থাত্ সাড়ে চার ঘণ্টা দেরিতে।সংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু ঢাকা কিংবা সিলেট নয়, ইঞ্জিন-সংকটের কারণে সারা দেশে রেলের সময়সূচি ভেঙে পড়েছে। কোচ-সংকটের কারণে এক ট্রেনের বগি অন্য ট্রেনে লাগাতেও সময় যাচ্ছে বেশি। গন্তব্যে পৌঁছে একটি ট্রেনের ইঞ্জিনকে প্রয়োজনীয় অবসর এবং ভালোভাবে তেল-পানি নেওয়ার সুযোগ না দেওয়ায় এগুলোর গতিও কমে যাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বীকার করেন।সূত্রমতে, আন্তনগর ট্রেনগুলোর বিলম্ব কিছুটা কম। কিন্তু মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেনগুলোর সময়সূচি বলতে কিছু নেই। এ কারণে রেলের আয় বছরে অন্তত ১০০ কোটি টাকা কম হচ্ছে।গত অর্থবছরে (২০০৮-০৯) শুধু যাত্রী পরিবহন খাতে রেলের আয় ছিল ২৭৫ কোটি টাকা।রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক নুরুল আমিন গতকাল সোমবার রেলের মহাপরিচালকের কাছে চিঠি দিয়ে বলেছেন, ইঞ্জিন-সংকটের কারণে এ অঞ্চলের ট্রেনগুলোর চলাচলে কোনো সময়সূচি ঠিক রাখা যাচ্ছে না। এ সংকট দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।চট্টগ্রাম ও ঢাকা এলাকা নিয়ে রেলের পূর্বাঞ্চলীয় এবং দেশের বাকি এলাকার রেলপথ নিয়ে গঠিত রেলের পশ্চিমাঞ্চল। পশ্চিমাঞ্চলের চেয়ে পূর্বাঞ্চলে রেলের ইঞ্জিন ও কোচ-সংকট তীব্র বলে জানা যায়। পণ্য ও যাত্রী পরিবহনের দিক থেকে রেলের পশ্চিমাঞ্চলের চেয়ে পূর্বাঞ্চলকে অধিক গুরুত্বপূর্ণ ধরা হয়।রেলের হিসাবে দেখা যায়, এই দুই অঞ্চলে প্রতিদিন আন্তনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেন চলাচল করে ২৬৪টি। এগুলোর সময়মতো চলাচল করতে ন্যূনতম দরকার ২০৪টি ইঞ্জিন। কিন্তু দিনে সর্বোচ্চ পাওয়া যাচ্ছে ১৬২টি ইঞ্জিন। এ জন্য বেশির ভাগ ক্ষেত্রে পণ্য ও কনটেইনারবাহী এবং লোকাল ট্রেন বন্ধ রেখে অগ্রাধিকার ভিত্তিতে আন্তনগর এবং মেইল এক্সপ্রেস ট্রেনগুলোতে ইঞ্জিন সরবরাহ করা হচ্ছে। এতেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তবে পশ্চিমাঞ্চলের তুলনায় পূর্বাঞ্চলে রেলের ইঞ্জিন-সংকট বেশি বলে জানা যায়।সূত্রমতে, গতকাল সোমবার পূর্বাঞ্চলের ১৫১টি ট্রেন চলাচলের জন্য ইঞ্জিন পাওয়া গেছে মাত্র ৯০টি। আগে কখনো এতটা সংকট দেখা যায়নি।রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আকতারুজ্জমান প্রথম আলোকে বলেন, এ মুহূর্তে রেলের সবচেয়ে বড় সংকট রেলের ইঞ্জিন ও কোচ। এই সংকট দূর হলে শুধু যাত্রী পরিবহন খাতে রেলের আয় ৪০ থেকে ৫০ শতাংশ বেড়ে যাবে। তিনি জানান, কোরিয়া থেকে নয়টি ইঞ্জিন আসতে আরও এক-দেড় বছর লাগতে পারে। তবে ২৬০টি যাত্রীবাহী কোচ মেরামত ও পুনর্নির্মাণের কাজের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।রেল সূত্র জানায়, পূর্বাঞ্চলের ৩৪টি আন্তনগর ট্রেনের স্বাভাবিক চলাচলের জন্য ২৬৪টি কোচ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এখন চলাচলের উপযোগী কোচ ২৩৫টি, অর্থাত্ প্রয়োজনের তুলনায় ২৮টি কোচ কম রয়েছে।একইভাবে পূর্বাঞ্চলের ৩৮টি মেইল ও ৭৯টি লোকাল ট্রেনের জন্য ২৪১টি দ্বিতীয় শ্রেণীর কোচ বরাদ্দ আছে। কিন্তু কখনো ১৬৬টির বেশি দ্বিতীয় শ্রেণীর কোচ পাওয়া যাচ্ছে না, অর্থাত্ ৭৫টি কোচ কম। পশ্চিমাঞ্চলীয় রেলের কোচের প্রাপ্যতাও একই রকম।ইঞ্জিন-সংকট: পূর্বাঞ্চলের ২৬৪টি আন্তনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেনের নিয়মিত চলাচলের জন্য ইঞ্জিন দরকার অন্তত ১১৫টি। কিন্তু কিছু দিন ধরে ৯৩-৯৪টির বেশি ইঞ্জিন পাওয়া যাচ্ছে না। গতকাল ছিল মাত্র ৯০টি ইঞ্জিন। এ কারণে বেশ কিছু পণ্যবাহী ও লোকাল ট্রেনের যাত্রা বাতিল করতে হয়। রেলের পূর্বাঞ্চলীয় প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. শামছুজ্জামান বলেন, নতুন ইঞ্জিন না আসা পর্যন্ত সংকট কাটবে না।