টয়োটা প্রধান ক্ষমাপ্রার্থনা করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টয়োটার প্রেসিডেন্ট আকিও টয়োদা কারিগরি সমস্যার কারণে বিশ্বের বিভিন্ন বাজার থেকে টয়োটার লাখ লাখ গাড়ি তুলে নেওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন এবং একটি নতুন মাননিয়ন্ত্রণ কমিটি গঠন করার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে টয়োটাপ্রধান এ কথা বলেন।সম্প্রতি টয়োটা অ্যাক্সিলেটর পেডালে ত্রুটির কারণে বিশ্বব্যাপী বিভিন্ন মডেলের প্রায় ৮০ লাখ গাড়ি বাজার থেকে তুলে নিয়েছে। টয়োদা বলেন, এর জন্য তিনি দুঃখিত এবং স্বীকার করেন যে এর ফলে টয়োটা এখন এক সংকটের সম্মুখীন।টয়োদা অবশ্য জানিয়েছেন, প্রাইউস হাইব্রিড মডেলের গাড়িতে ব্রেক সমস্যার ব্যাপারে টয়োটা এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে। কারণ, প্রাইউসের ব্রেক সমস্যার ব্যাপারটি এখনো তদন্তাধীন।টয়োটা প্রাইউস ২০১০ মডেলের গাড়ির ব্রেকে ত্রুটি থাকার কথা স্বীকার করার পর যুক্তরাষ্ট্রের সড়ক যোগাযোগ সংস্থা সমস্যাটির ওপর তদন্ত চালাচ্ছে।যুক্তরাষ্ট্রের জাতীয় সড়ক যোগাযোগ নিরাপত্তা প্রশাসন গাড়িচালকদের কাছ থেকে প্রাইউসের ব্রেক সমস্যা নিয়ে এ পর্যন্ত ১২৪টি অভিযোগ ও চারটি দুর্ঘটনার খবর পেয়েছেন। তবে যুক্তরাজ্যে এখন পর্যন্ত প্রাইউস চালাতে গিয়ে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।অটোমোবাইল বিশেষজ্ঞরা জানিয়েছেন, অসমতল ভূমিতে চলাচলের সময় প্রাইউস গাড়ির ব্রেকে সমস্যা দেখা দেয়।