ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ৮০ জন জওয়ানের বিচার গতকাল বুধবার শুরু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ৫১ জন ও পঞ্চগড়ে ২৯ জন জওয়ানকে বিচারের মুখোমুখি করা হয়।ঠাকুরগাঁওয়ে নিরাপত্তা হেফাজতে থাকা জওয়ানদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়ার পর অভিযুক্ত জওয়ানেরা একে অপরকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন।গতকাল সকালে ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে ৫১ জন জওয়ানের বিচার শুরু হয়। বেলা ১১টায় আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম শুরুতে বিচারকাজ পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন। তিনি মামলার কৌঁসুলিসহ সবার প্রতি কোনোরূপ বাদানুবাদ না করার পরামর্শ দেন এবং গণমাধ্যমে কোনো ভুল তথ্য উপস্থাপন না করার আহ্বান জানান।আদালতের কাজ শুরু হলে ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) নুরুল ইসলাম ফকির গত ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫১ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বলেন, ঢাকার বিডিআর বিদ্রোহের পর ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের একদল সদস্য শৃঙ্খলা ভঙ্গ করে বাঁশি বাজিয়ে অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে এলোপাতাড়ি গুলি ছোড়েন এবং গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তত্কালীন ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস শাহেদ কামাল কোনো গুজবে কান না দেওয়ার জন্য বিডিআরের সর্বস্তরের সদস্যদের নির্দেশ দেন। কিন্তু তাঁরা সম্মিলিতভাবে ওই নির্দেশ উপেক্ষা করে ঢাকার বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যমের সামনে সেনাবাহিনীর আক্রমণের ভয় দেখিয়ে ফাঁকা গুলি ছুড়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করেন। তাঁরা বিডিআরের কর্মকর্তাদের খোঁজাখুঁজি করতে থাকেন এবং নৈরাজ্য সৃষ্টি করেন।মামলার সরকারি কৌঁসুলি ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম বাদীর বক্তব্যকে সমর্থন করেন। তিনিও বিদ্রোহী বিডিআর সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ উপেক্ষা করা এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের কথা তুলে ধরেন। আদালতের সভাপতি মেজর জেনারেল মইনুল ইসলাম অভিযোগটি আমলে নেওয়ার ঘোষণা দেন এবং কারাগারে থাকা আসামিদের এই মামলায় গ্রেপ্তার দেখাতে এবং যাঁরা উন্মুক্ত অবস্থায় নিরাপত্তা হেফাজতে আছেন, তাঁদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আজ বৃহস্পতিবার সকালে অভিযুক্ত বিডিআর সদস্যদের ইউনিফর্ম পরিয়ে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।পঞ্চগড়ে বিচারের শুরুতে মামলার বাদী সুবেদার মেজর আমিরুল হক শেখ আট পৃষ্ঠার অভিযোগ পড়ে শোনান।সরকারি কৌঁসুলি হিসেবে পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল হক তাঁদের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনের ১০(১) ধারায় শৃঙ্খলা ভঙ্গ এবং বেআইনিভাবে অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার, পঞ্চগড়-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচলে বাধা, পাগলাঘণ্টা বাজানো, ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিদ্রোহে সহযোগিতা করাসহ নানা অভিযোগ আনেন। তিনি তাঁদের বিচার দাবি করেন।মামলায় কৌঁসুলি হিসেবে অংশ নেন বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল ও শেখ বাহারুল ইসলাম। আদালত মামলার নথি ও উপস্থাপিত যুক্তি শোনেন এবং মামলা গ্রহণ করে তা আমলে নেন। একই সঙ্গে আদালত ২৯ জন বিদ্রোহীর মধ্যে আগে থেকে জেলহাজতে আটক ২১ জন ছাড়াও বাকি আটজনকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার সকাল নয়টায় বিশেষ আদালতে হাজির করার জন্য সরকারি কৌঁসুলিকে নির্দেশ দেন।