ঠাকুরগাঁও ও রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রংপুরের তারাগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আজ শুক্রবার সকালে মিনিবাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের ফুটকিবাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুটকিবাড়ী গ্রামের সরল চন্দ্র রায় (৩৮) রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় পীরগঞ্জ থেকে বীরগঞ্জগামী একটি মিনিবাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। তিনি ঘটনা স্থলেই মারা যান।এদিকে রংপুরের তারাগঞ্জে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। ঢাকা-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি মিনিবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।ঘটনাস্থলে ট্রাকচালক মমিনুল ইসলাম (৩৫) নিহত হন। দুর্ঘটনায় মিনিবাসটির ২০ জন যাত্রী আহত হয়।