ঠাকুরগাঁও কারাগারে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যের মৃত্যু
ঠাকুরগাঁও জেলা কারাগারে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সাজাপ্রাপ্ত সেলিম মিয়া (৪০) নামের এক বিডিআর সদস্য মারা গেছেন। তিনি বিডিআরের ল্যান্স নায়েক ছিলেন। তাঁর বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিরাহিমপুর গ্রামে।আজ সোমবার সকালে কারাগারে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।জেল সুপার মো. ইসমাইল হোসেন ও ঠাকুরগাঁও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ১০টার দিকে বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য ল্যান্স নায়েক সেলিম মিয়া বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি জেল সুপারকে জানানো হলে সেলিম মিয়াকে চিকিত্সার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।গত ফেব্রুয়ারি মাসে ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে বিডিআরের নিজস্ব আইনে ১২ এপ্রিল ল্যান্স নায়েক সেলিম মিয়ার পাঁচ বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।