ঠাকুরগাঁও-ঢাকা রুটে বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও-ঢাকা রুটের বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। টানা পাঁচ দিন বাস চলাচল বন্ধ থাকার পর গতকাল শুক্রবার রাত থেকে আবারও ওই রুটে বাস চলাচল শুরু হয়েছে। জানা গেছে, ঠাকুরগাঁও ও ঢাকা বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে গত ২ জুলাই থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ ছিল। দ্বন্দ্ব নিরসনে গতকাল রাত ৯ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক, মোটর মালিক সমিতি, মোটর শ্রমিক ইউনিয়ন ও রাজনৈতিক দলের একটি যৌথ সভা হয়। সভায় উভয় পক্ষের সমঝোতার পর আবার ওই রুটে বাস চলাচলের সিদ্ধান্ত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান জানান, যৌথ সভায় সমঝোতা হওয়ায় বাস চলাচল শুরু হয়েছে। তবে জেলা প্রশাসন থেকে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আগামী সোমবার ঠাকুরগাঁওয়ে এসে আলোচনায় বসতে রাজি হয়েছে। সম্প্রতি ঢাকা থেকে দিনাজপুরের বীরগঞ্জ হয়ে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা রুটে জেলা মালিক সমিতির অনুমতি না নিয়ে একটি বাস চলাচলের অভিযোগে গত ২ জুলাই থেকে ঢাকার সব বাস চলাচল বন্ধ করে দেয় বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।