ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জগদল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মারজুল আলী (২৪)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার চড়ইগাতি গ্রামের নজরুল ইসলামের ছেলে।বিডিআর ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে একদল গরুর ব্যবসায়ী বালিয়াডাঙ্গী উপজেলার জগদল সীমান্তের ৩৭৪-এস নম্বর পিলারের কাছে গরু কেনার জন্য যায়। সে সময় ভারতের কোকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মারজুল আলী গুলিবিদ্ধ হয়। পরে সঙ্গীদের সাহায্যে মারজুল আহত অবস্থায় বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফেরার পর পরিবারের সদস্যরা মারজুলকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জগদল সীমান্ত এলাকায় গুলিবর্ষণ ও নিরীহ গরুর ব্যবসায়ীকে হত্যার ঘটনার কঠোর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।