ঠাকুরগাঁওয়ে আজ থেকে হরতাল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের প্রতিবাদে আজ সোমবার সন্ধ্যা সাতটা থেকে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতালের কর্মসূচি দিয়েছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান আজ জেলা বিএনপির কার্যালয়ে এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন।মির্জা ফখরুলের বাড়ি ঠাকুরগাঁওয়ে।আজ বেলা সোয়া তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ১৮-দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশের শেষপর্যায়ে বিকেল পাঁচটার দিকে নাইটিংগেল মোড়ে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিচ্ছিলেন। এরপর মির্জা ফখরুল আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান জানিয়ে সমাবেশ শেষ করেন। পরে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শতাধিক নেতা-কর্মীকে আটক করে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সন্ধ্যা সাতটা থেকে হরতালের কর্মসূচি দিয়েছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। এদিকে, হরতাল ঘোষণার পর ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোচাবাড়ি ও ভূল্লি এলাকায় বিএনপির কর্মীরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।