ঠাকুরগাঁওয়ে আমন ধান-চাল কেনার লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা
ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে আমন ধান-চাল সংগ্রহে সরকারি লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাজার দরের তুলনায় সরকারি দর কম হওয়ায় এ আশঙ্কা দেখা দিয়েছে। খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্র মতে, চলতি মৌসুমের জন্য ৭ ডিসেম্বর থেকে জেলায় ১৬ হাজার ১২০ টন চাল ও তিন হাজার ৭১৭ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যেখানে চালের দাম নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ২২ টাকা দরে ও ধানের দর প্রতি কেজি ১৪ টাকা। সম্প্র্রতি সরেজমিনে দেখা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ী হাট, গড়েয়া হাট, শিবগঞ্জ হাট, ফাড়াবাড়ী হাট ও বালিয়াডাঙ্গীর লাহিড়ী হাটে মান অনুযায়ী বা কেজিপ্রতি ১৬ থেকে ১৮ টাকা দরে ধান বিক্রি হচ্ছে। অপর দিকে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ২৪ থেকে ৩০ টাকা দরে। খোঁজ নিয়ে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে এক হাজার ৫০০ চাল কল রয়েছে। এর মধ্যে মাত্র ৩৮১ জন চালকল মালিক তিন হাজার ৫০০ টন চাল সরবরাহের জন্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তির শেষ তারিখ ছিল ১০ ডিসেম্বর। কিন্তু বাজার দরের তুলনায় সরকারি দর কম হওয়ায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সরকারি গোডাউনে ধান-চাল সরবরাহে আগ্রহী নন। জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ওরফে রাজু বলেন, সরকার ধান-চালের জন্য যে দর নির্ধারণ করেছে, তা স্থানীয় বাজারের চেয়ে কম। কিন্তু এর পরেও বেশ কিছু চালকল মালিক সরকারের সঙ্গে চুক্তি করেছেন। যাঁরা সরকারি গুদামে চাল সরবরাহ করছেন, তাঁদের লোকসান কমাতে যদি সরকার বাড়তি কোনো সুবিধা দেয়, তাহলেই কেবল লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।