ঠাকুরগাঁওয়ে আমনখেত রোগ ও পোকার আক্রমণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হামরা গেলবার চার বিঘা জমিত চায়না (ইরি) নাগাইছিনু। আল্লাহ ভাল ফলন দিলেও দাম পাওনি। এবার (আমন মৌসুমে) ধার করিয়া জমিত ধান নাগানু, এলায় কারেন্ট পোকা (বাদামি গাছফড়িং) বেবাক ধান শেষ করিয়া দিবার লাগিছে।’ উদ্বিগ্ন কণ্ঠে কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভেদাইল গ্রামের মো. শাহজাহান। শুধু ভেদাইল গ্রামের শাহজাহান নয়, ঠাকুরগাঁওয়ের অনেক এলাকার আমনখেত এখন সিড ব্রাইট (খোল পোড়া) এবং বাদামি গাছফড়িং পোকার আক্রমণে কৃষকের মনে আশঙ্কা সৃষ্টি করেছে। কৃষকেরা উপায় না দেখে ফসল রক্ষায় এখন হাতের কাছে যে কীটনাশক পাচ্ছেন, তাই প্রয়োগ করছেন। এ সুযোগে গ্রামের বাজারগুলো ভেজাল কীটনাশকে সয়লাব হয়ে গেছে। কিন্তু এরপরও কৃষি কর্মকর্তারা বলছেন, অবস্থা তেমন উদ্বেগজনক নয়। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আকচা, নারগুন ও জগন্নাথপুর; হরিপুর উপজেলার কামারপুকুর, যাদুরানী, জামুন; রানীশংকৈল উপজেলার ভেদাইল, মহেশপুর ও ভেলাই, বালিয়াডাঙ্গীর দুওসুও, লালাপুর, চাড়োল গ্রামের বিভিন্ন আমনখেতে বাদামি গাছফড়িং পোকার আক্রমণ ও পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে খোল পোড়া রোগ। খেতে পানি না থাকায় আমন গাছ বিবর্ণ ও হলুদ হয়ে গেছে। বেসরকারি উন্নয়ন সংস্থার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের খাদ্য নিরাপত্তা উন্নতকরণ প্রকল্পের কারিগরি সমন্বয়কারী কৃষিবিদ মো. পজিদুর রহমান জানান, ‘অপর্যাপ্ত বৃষ্টি ও বাজারে নিম্মমানের বীজ এই মৗসুমে খোলপোড়া রোগের বিস্তার লাভে সহায়ক হিসেবে কাজ করেছে। পর্যাপ্ত বৃষ্টি হলে এই রোগ অনেকাংশে কমে যাবে। তিনি আরও জানান, আমনখেতে খোলপচা রোগ আক্রমণের মাত্রা এখন পর্যন্ত তেমন আশঙ্কাজনক নয়। কৃষক এ রোগ নিয়ন্ত্রণে আনতে না পারলে ৯০ শতাংশ ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রোগ প্রতিরোধে তারা কৃষকদের ০ দশমিক ৫ থেকে ১ মিলি পপিকোনাজেন বা হাইকোনাজেন ১ লিটার পানিতে মিশিয়ে জমিতে স্প্রে করতে বলেছেন।’ ঠাকুরগাঁও হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের কৃষক মজিবর রহমান জানান, ‘তিনি ৩০ বিঘা জমিতে আমন চারা রোপণ করেছেন। জমির বেশির ভাগ অংশ রোগাক্রান্ত হয়ে পর্যায়ক্রমে তা হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। এ জন্য অতিরিক্ত সেচ ও কীটনাশক স্প্রে করায় এ মৌসুমে আমন উৎপাদনের খরচ বেড়ে গেছে।’ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া গ্রামের কৃষক আবদুস সামাদ জানান, ‘তিনি চার বিঘা জমিতে আমন লাগিয়ে ছিলেন। জমিতে বাদামি গাছফড়িং ও পাতামোড়ানো পোকা আক্রমণ করেছে। বাজার থেকে কীটনাশক কিনে তিনবার স্প্রে করেছেন। কিন্তু পোকা নিয়ন্ত্রণে আনতে পারেননি।’ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নূর উস সফিয়ার জানান, ‘বিচ্ছিন্নভাবে কোনো কোনো স্থানে পোকার আক্রমণ দেখা দিলেও পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি আরও জানান, সামগ্রিকভাবে এই জেলার আমনের অবস্থা বেশ ভালো।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র মতে, ঠাকুরগাঁওয়ে এক লাখ ২৯ হাজার ২০৬ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও বপন করা হয়েছে এক লাখ ৩৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে। অন্য দিকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৩২৭ মেট্রিক টন চাল। তবে কৃষিবিভাগ পাতামোড়ানো রোগ ৪৫৪ হেক্টরে ও খোল পোড়া রোগে এক হাজার ২৮৫ হেক্টর জমির ফসল আক্রান্তের সত্যতা স্বীকার করেছে।এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ বিভাগের শস্য উৎপাদন বিশেষজ্ঞ আবদুুল মজিদ বলেন, ‘কৃষক এবার আমন চাষের উপযোগী নয় এমন উঁচু জমিতেও আমন ধান লাগিয়েছেন। ওই সব জমির ধানখেতে এখন পানি নেই। ওই ধানখেতে মূলত খোল পোড়া রোগ, বাদামি গাছফড়িং ও পাতামোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। আমরা জমিতে সম্পূরক সেচ দিতে কৃষকদের পরামর্শ দিয়েছি।’