ঠাকুরগাঁওয়ে আমনখেতে পোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হামরা গেলবার চার বিঘা জমিত চায়না (ইরি) নাগাইছিনু। আল্লাহ ভালো ফলন দিলেও দাম পাইনি। এবার (আমন মৌসুমে) ধার করিয়া জমিত ধান নাগানু, এলায় কারেন্ট পোকা (বাদামি গাছফড়িং) বেবাক ধানগাছ শেষ করিয়া দিবার লাগিছে।’ চোখেমুখে উদ্বেগ নিয়ে এ কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভেদাইল গ্রামের মো. শাহজাহান। শুধু ভেদাইল গ্রামের শাহজাহান নন, ঠাকুরগাঁও জেলার অনেক এলাকার আমনখেত এখন সিড ব্রাইট (খোলপোড়া) এবং বাদামি গাছফড়িং ও পাতা মোড়ানো পোকার আক্রমণে কৃষকের মনে আশঙ্কা সৃষ্টি করেছে। ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া গ্রামের কৃষক আবদুস সামাদ জানান, তিনি চার বিঘা জমিতে আমন ধান লাগিয়েছেন। জমিতে বাদামি গাছফড়িং ও পাতা মোড়ানো পোকা আক্রমণ করেছে। বাজার থেকে কীটনাশক কিনে খেতে তিনবার স্প্রে করেছেন, কিন্তু পোকা নিয়ন্ত্রণে আনতে পারেননি।ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নূর উস সফিয়ার জানান, বিচ্ছিন্নভাবে কোনো কোনো স্থানে পোকার আক্রমণ দেখা দিলেও তা স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি আরও জানান, সামগ্রিকভাবে এই জেলার আমনের অবস্থা বেশ ভালো। আমনের খেতে খোলপোড়া রোগ আক্রমণের মাত্রা এখন পর্যন্ত তেমন আশঙ্কাজনক নয়। কিন্তু কৃষক এ রোগ নিয়ন্ত্রণে আনতে না পারলে ৯০ ভাগ পর্যন্ত ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে, ঠাকুরগাঁওয়ে এক লাখ ২৯ হাজার ২০৬ হেক্টর জমিতে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও বপন করা হয়েছে এক লাখ ৩৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে। অন্যদিকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৪৩ হাজার ৩২৭ মে. টন চাল। তবে কৃষি বিভাগ পাতা মোড়ানো রোগে ৪৫৪ হেক্টর এবং এক হাজার ২৮৫ হেক্টরে খোলপোড়া রোগে আক্রান্ত হওয়ার সত্যতা স্বীকার করেছে।