ঠাকুরগাঁওয়ে আয়োজক বিহীন ঈদমেলা
একটি দুটি করে খেলনা, কুটির শিল্প, মৃৎশিল্প আর খেলনার দোকান বসতে শুরু করেছে। পাশে কয়েকটি নাগরদোলা আর চড়কি ঘুরছে। বসেছে ফুচকা ও চটপটির কয়েকটি দোকানও। এই আয়োজন দেখে ভিড় করতে শুরু করেছে অভিভাবকের হাত ধরে আসা শিশুর দল। এতে যোগ দেয় যুবক-যুবতীরাও। এভাবেই ঈদের দিন জমে ওঠে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজকবিহীন এক ঈদমেলা। এই ঈদমেলা হয়ে ওঠে এলাকার সব শ্রেণীর মানুষের বিশেষ করে শিশুদের বিনোদনের উৎস। শহরের বাইরে থাকা বিভিন্ন পেশার মানুষ তাদের বন্ধু ও পরিচিতদের সঙ্গে মিলিত হতে এই ঈদমেলায় আসে। এক সময় তা হয়ে ওঠে মিলনমেলা।আয়োজকবিহীন স্বতঃস্ফূর্ত এই ঈদমেলা প্রতি বছর ঈদের দিন সকালে শুরু হয়ে চলে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত। হাজার হাজার নারী-শিশু এখানে ভিড় করে। নাগরদোলা, চড়কির পাশাপাশি পসরা সাজিয়ে বসে হস্তশিল্প, মৃৎশিল্প ও সিরামিক সামগ্রী। মেলার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রভাষক মাজেদুল ইসলাম বলেন, আট থেকে ১০ বছর আগে শিশুদের বিনোদনের জন্য এখানে একটি বা দুটি নাগরদোলা বসানো হতো। সেই সঙ্গে বিক্রির জন্য থাকত আইসক্রিম, বেলুন ও ছোটখাটো খেলনা। পর্যায়ক্রমে এটি শহরের সব শ্রেণীর মানুষের জন্য ঈদ আনন্দ মেলায় রূপান্তরিত হয়।হলপাড়ার তিন বছরের ছেলে মিহুন মায়ের হাত ধরে মেলায় এসেছে। সে জানায়, এখানে এসে বেলুন কিনেছে, মাটির গরু কিনেছে। শেষে কাগজের ঘুড়ি কিনে বাড়ি যাবে। তার মা ফেরদৌস আরা জানান, ছেলের আবদারের জন্য তাকে প্রতিদিন এখানে এসে ঘুরে যেতে হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাবিনা ইয়াসমিন শহরের হাজিপাড়ায় এসেছেন ঈদ উদ্যাপন করতে। তিনি তার দুই ছেলেকে নিয়ে মেলায় মাটির খেলনা কিনতে এসেছেন। তিনি বলেন, প্রতি বছর ঈদের সময় পরিচিতদের সঙ্গে এই মেলায় এলে দেখা-সাক্ষাৎ হয়। সেই সঙ্গে বাচ্চাদেরও বিনোদনের সুযোগ হয়। সদর উপজেলার শিবগঞ্জের ধনিরাম মাটির তৈরি খেলনার পসরা নিয়ে বসেছেন। তিনি বলেন, গত পাঁচ বছর ধরে ঈদের দিন থেকে এই মেলায় মাটির খেলনা বিক্রির জন্য নিয়ে আসি। বিক্রিও বেশ ভালো হয়। প্রতি বছর এ ধরনের মেলা স্থায়ীভাবে করলে কেনাবেচা আরও ভালো হতো।ঠাকুরগাঁও পৌর মেয়র শাহেদ কামাল চৌধুরী বলেন, শহরে বিনোদনের জায়গা নেই বলে মানুষ সুযোগ পেলে এসব মেলায় ভিড় করে। মানুষের চাহিদা বিবেচনা করে প্রতি বছর স্থায়ী ঈদমেলা আয়োজনের কথা ভাবছি।