ঠাকুরগাঁওয়ে উপজেলা চেয়ারম্যানের বাড়ি দখল করেছেন যুবলীগ নেতা
ঠাকুরগাঁও শহরে গতকাল শুক্রবার সকালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ ওরফে আপেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক সুলতানুল ফেরদৌস চৌধুরীর বাড়ি দখল করে নিয়েছে। সুলতানুল ফেরদৌস সাবেক সমাজকল্যাণমন্ত্রী রেজওয়ানুল হক চৌধুরী ও সাবেক সাংসদ রেজওয়ানা চৌধুরীর ছেলে এবং হাজি দানেশের নাতি। অভিযোগ উঠেছে, সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে বাড়ির সীমানাপ্রাচীর, ঘর ও আসবাব ভাঙচুর শেষে মালামাল লুট করে নিয়ে যায়।সুলতানুল ফেরদৌস চৌধুরী জানান, সকাল নয়টার দিকে আবদুল মজিদের নেতৃত্বে লাঠিসোঁটা, রড, শাবল ও হাতুড়ি নিয়ে ১০০ থেকে ১৫০ জন যুবক শহরের কলেজপাড়ার ওই বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির সীমানাপ্রাচীর, ঘর ও আসবাব ভাঙচুর করে। পরে ঘরের মূল্যবান জিনিসপত্র একটি ট্রাক্টরে করে নিয়ে যায়।হামলার সময় বাড়িতে ছিলেন হাজি দানেশের মেয়ে রেজওয়ানা চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাইরে চিত্কার শুনে বের হয়ে দেখি, ছেলেরা বাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুর করছে। ভাঙচুরের কারণ জানতে চাইলে তারা আমাকে গালাগালি করতে থাকে। একপর্যায়ে আমাকে ধাক্কা দেয়। আমি ভয়ে ও লজ্জায় বাড়ির ভেতরে চলে আসি। তখন ছেলেরা ঘরে ঢুকে আসবাব তছনছ করে কাগজপত্র নিয়ে যায়। পরিস্থিতি দেখে বাচ্চা ও মেয়েরা আতঙ্কে কাঁদতে থাকে।’বিষয়টি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেনকে জানালে তিনি আবদুল মজিদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। মকবুল হোসেনের ভাষ্যমতে, আবদুল মজিদ তাঁকে বলেছেন, ‘আমার জমি আমি দখল করেছি। এ বিষয়ে আপনারা কথা বলবেন না।’সুলতানুল ফেরদৌস চৌধুরীর অভিযোগ, সদর থানায় খবর দিলে পুলিশ এসে দখলকারীদের বাধা না দিয়ে নীরব থাকেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে অন্য জায়গায় আশ্রয় নেন। তিনি বলেন, বর্তমানে ওই বাড়িতে তাঁর মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বাইরে যুবলীগের নেতা-কর্মীরা পাহারায় রয়েছেন।জানা গেছে, ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান বিষয়টি মুঠোফোনে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে জানান। এ ব্যাপারে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, ‘এটি পারিবারিক ঘটনা। তবে আইনের আশ্রয় না নিয়ে কারও বাড়ি দখল করা ঠিক নয়। ঘটনাটি শুনে আমি তাত্ক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। দুই পক্ষকে নিয়ে বিষয়টির সুষ্ঠু সমাধান করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’গতকাল বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাড়ির মূল দরজায় তালা ঝুলছে। সীমানার বাইরে আবদুল মজিদের নেতৃত্বে ১০০ থেকে ১৫০ জন যুবক লাঠিসোঁটা, রড, হাতুড়ি নিয়ে বাড়িটি পাহারা দিচ্ছে। পাশেই আট-নয়জন কনস্টেবলসহ থানার ওসি দাঁড়িয়ে আছেন। পড়ে আছে ভাঙা সীমানাপ্রাচীরের ইট। ভাঙচুরের পর বাঁশের তৈরি বেড়া দিয়ে বাড়ির সামনের অংশ ঘিরে দেওয়া হয়েছে। সীমানাপ্রাচীরের পাশেই তাত্ক্ষণিকভাবে নির্মাণ করা হয়েছে একটি ছাপরা ঘর। টাঙানো হয়েছে সাইনবোর্ড। সেখানে লেখা ‘ক্রয়সূত্রে এই জমির মালিক মৃত মো. আবুল হোসেনের ওয়ারিশগণ, জমির পরিমাণ ৮৯ শতক’।জানতে চাইলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘কলেজপাড়ার এ বাড়িটি আমার পৈতৃক সম্পত্তি। ১৯৬৪ সালে মরহুম রেজওয়ানুল হক চৌধুরীর কাছ থেকে আমার বাবা মরহুম আবুল হোসেন ৮৯ শতকের বাড়িটি কিনে নেন। সে সময় রেজওয়ানুল হককে বসবাসের জন্য বাড়িটি ভাড়া দেওয়া হয়। সেই থেকে তিনি তাঁর পরিবার নিয়ে ওই বাড়িতে বাস করে আসছিলেন। রেজওয়ানুল হক চৌধুরীর মৃত্যুর পর তাঁর ছেলেরা বাড়ির মালিকানা দাবি করেন। এ ব্যাপারে পানিসম্পদমন্ত্রীসহ স্থানীয় গণ্যমান্যদের জানানো হয়। কিন্তু তাঁরা কোনো সমাধান দিতে না পারার পর আজ ভাড়াটেকে উচ্ছেদ করার জন্য বাড়িটি দখলে নেওয়া হয়েছে। এখানে দলের কোনো প্রভাব খাটানো হয়নি।’বাবা বেঁচে থাকতে কেন এ জমির মালিকানা দাবি করেননি বা আইনের আশ্রয় নেননি—প্রশ্নের জবাবে আবদুল মজিদ বলেন, ‘পারিবারিক সম্পর্কের কারণে আমরা এত দিন কিছু বলিনি।’ উল্লেখ্য, ১৯৯৫ সালে আবুল হোসেন এবং ১৯৯৪ সালে রেজওয়ানুল হক মারা যান।এ বিষয়ে সুলতানুল ফেরদৌস চৌধুরী বলেন, ‘১৯৬১ সালে আমার বাবা রেজওয়ানুল হক চৌধুরী বিনোদিনী বৈষ্ণবীর কাছ থেকে ৮৯ শতক জমি কিনে বাড়ি তৈরি করেন। সে সময় রেজওয়ানুল হক আবুল হোসেনের কাছ থেকে কিছু টাকা ধার নেন। সেই ধারের বিপরীতে তিনি আমার বাবার কাছ থেকে কৌশলে সাদা স্ট্যাম্পে সই করিয়ে নেন। কিছুদিন পর বাবা সেই টাকা আবুল হোসেনকে দিলেও কাগজ ফেরত পাননি। পরে তাঁর ছেলেরা ওই স্ট্যাম্পে বাড়ি বিক্রির কথাটি লিখে নেন।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুম বিল্লাহ তালুকদার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং হামলাকারীদের বুঝিয়ে ভাঙচুর বন্ধ করা হয়।জেলা প্রশাসক মুন্সি শাহাবউদ্দিন আহমেদ বলেন, জমির মালিকানার বিষয়টি আদালতেই ফয়সালা হওয়া উচিত। মালিক হলেও এ প্রক্রিয়ায় দখল নেওয়াকে সমর্থন করা যায় না।সংবাদ সম্মেলনজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুলতানুল ফেরদৌস চৌধুরী অভিযোগ করেন, হামলার সময় পানিসম্পদমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে মুঠোফোনে ঘটনা জানানো হয়। সবাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কিছুই হয়নি।সুলতানুল ফেরদৌস বলেন, ‘তাঁর বাবা বেঁচে থাকতে এ জমির মালিকানা কেউ দাবি করেনি। কয়েক মাস আগে থেকে আবদুল মজিদ এ জমির মালিকানা দাবি করছেন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’