ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক সুলতানুল ফেরদৌস চৌধুরীর বাড়িটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদের দখল থেকে মুক্ত হয়েছে। গত শুক্রবার ওই বাড়িটির মালিকানা দাবি করে আবদুল মজিদ সাইনবোর্ড টাঙিয়ে সীমানাপ্রাচীরের পাশে ছাপরাঘর তৈরিও করেছিলেন। রাতে এসব স্থাপনা সরিয়ে ফেলা হয়। বাড়ি দখলের ঘটনায় থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলাও করেছে। সুলতানুল ফেরদৌস চৌধুরীর প্রতিবেশী আইনাল হক ও জাহানারা বেগম জানান, আবদুল মজিদের তৈরি করা ছাপরাঘর ও সীমানা বেড়া শুক্রবার দিবাগত রাত একটার দিকে পুলিশ সরিয়ে নেয়। জমির মালিকানা দাবি করে তাঁর টাঙানো সাইনবোর্ডটিও অপসারণ করা হয়েছে। সুলতানুল ফেরদৌস চৌধুরীর মা সাবেক সাংসদ সুলতানা রেজওয়ানা চৌধুরী সাইনবোর্ডসহ স্থাপনা অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন।এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান বলেন, আবদুল মজিদের তৈরি করা ছাপরাঘর, সীমানা বেড়া ও সাইনবোর্ড কারা সরিয়ে নিয়েছে, তা বলতে পারছি না। পুলিশি পাহারায় কারা স্থাপনা সরিয়েছে জানতে চাইলে ওসি বলেন, যাঁরা লাগিয়েছিলেন তাঁরাই খুলে নিয়ে গেছেন।এ ব্যাপারে জানতে চাইলে আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, বিষয়টি সমাধানে দলের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাড়িটির দখল ছেড়ে দেওয়া হয়েছে। বাড়ি দখলের ঘটনায় দলীয় পদক্ষেপ সম্পর্কে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন প্রথম আলোকে জানান, এটি ব্যক্তিগত ঘটনা। ওই ঘটনায় দলের কোনো সম্পৃক্ততা নেই। তবে একটি স্বনামধন্য পরিবারের বাড়ি দখল করা দল সমর্থন করে না। আমরা সাবেক সমাজকল্যাণমন্ত্রী রেজওয়ানুল হক চৌধুরীর স্ত্রী সুলতানা রেজওয়ানা চৌধুরীর সঙ্গে দেখা করে বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিই। পরে আবদুল মজিদকে তাঁর লোকজন সরিয়ে নিতে কঠোরভাবে বলা হয়েছে। নির্দেশ অনুযায়ী পুলিশ প্রশাসন বাড়িটি দখলমুক্ত করেছে। পাল্টাপাল্টি মামলাওসি ফিরোজ খান জানান, বাড়ি দখলের ঘটনায় গত শুক্রবার রাত ১১টার দিকে সুলতানুল ফেরদৌস চৌধুরী থানায় মামলা করেন। এতে আবদুল মজিদসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আর গতকাল দুপুরে সুলতানুল ফেরদৌস চৌধুরী, তাঁর মা সুলতানা রেজওয়ান চৌধুরী, ছোট ভাই সুলতানুল নাইম ও স্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন আবদুল মজিদ। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনগতকাল বিকেলে শহরের হলপাড়া এলাকায় আবদুল মজিদ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এতে তিনি বলেন, গত শুক্রবার সকালে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছিল। ওই উচ্ছেদকাজে তিনি ও তাঁর পরিবার জড়িত। জেলা জাতীয় পার্টির কার্যালয়ে দলের পক্ষ থেকে সন্ধ্যায় পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দলের জেলা সভাপতি এম এ করিম, জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক সুলতানুল ফেরদৌস চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, একটি স্বনামধন্য পরিবারের সুনাম ক্ষুণ্ন করার জন্য আবদুল মজিদ ওই মামলাটি করেছেন। মামলার অভিযোগটি ভিত্তিহীন।