ঠাকুরগাঁওয়ে গায়ে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকার বাসিন্দাদের কটূক্তি ও অপবাদ সহ্য করতে না পেরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাসিনা নামের এক গৃহবধূ কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে আ‏ত্মহত্যার চেষ্টা করেন। আজ শুক্রবার সকাল আটটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী প্রথম আলোকে জানান, এলাকাবাসীর অপবাদ সহ্য করতে না পেরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন বলে অগ্নিদগ্ধ হাসিনা তাঁর জবানবন্দিতে জানিয়েছেন। তবে কারা কীভাবে তাঁকে কটূক্তি করত, তা তিনি জানাননি বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঠাকুরগাঁও শহরের পৌর মিলনায়তনের মুন্সিপাড়ার ফাঁকা মাঠে হাসিনা বেগম (৩৫) নামে ওই গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালান। পরে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আজগর আলী জানান, হাসিনার শরীরের ৬০-৭০ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ সকালে তিনি সেখানে মারা যান। হাসিনার স্বামী রং মিস্ত্রি ইদু মিয়া জানান, কী কারণে হাসিনা এমন কাজ করেছেন, তা তিনি জানেন না। তবে এলাকার বাসিন্দারা মাঝে মধ্যে তাঁকে কটূক্তি করত। তিনি আরও জানান, তাঁদের কটূক্তি হাসিনার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। হাসপাতালে অগ্নিদগ্ধ হাসিনা তাঁর জবানবন্দিতে জানিয়েছেন, জীবন আর ভালো লাগে না। জীবন শেষ করে দিতেই সে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছে। এ ঘটনায় ঠাকুগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।