ঠাকুরগাঁওয়ে ঝড় ও শিলাবৃষ্টি
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় আজ সোমবার দুপুরে ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে। উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পাঁচটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি, ফসল ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঝড় ও শিলা বৃষ্টিতে অনেকে আহত হয়েছে।ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী জানান, ঝড়ে কাঁচা বাড়ির টিনের চাল উড়ে গেছে। একই সঙ্গে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙে আহত হয়েছে অনেক মানুষ। তবে তাদের নির্দিষ্ট সংখ্যা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।এদিকে আউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল জানান, ইউনিয়নের ভাতগাঁও, আউলিয়াপুল, মাদারগঞ্জ, শাসলাপিয়ালা ও কচুবাড়ি গ্রামে শিলাবৃষ্টিতে ভুট্টা, পাকাগম ও বোরো খেতের ক্ষতি হয়েছে। তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। তবে ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে বলা যাচ্ছে না।