ঠাকুরগাঁওয়ে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে এক প্রার্থীকে বিজয়ী ঘোষণার পর প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের হামলায় প্রিজাইডিং কর্মকর্তাসহ ১২ জন আহত হয়েছেন। ওই সময় হামলাকারীরা ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহূত বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। উপজেলার আমগাঁও ইউনিয়নের ঠাকিঠুকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল রোববার রাতে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে রাত ১০টার দিকে আমগাঁও ইউনিয়নের ঠাকিঠুকি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সাধারণ সদস্য প্রার্থী রামহরি সিংহকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর ভোট গণনায় কারচুপি হয়েছে এমন অভিযোগ এনে ওই পদে প্রতিদ্বন্দ্বী অন্য দুই প্রার্থী রফিজুল ইসলাম ও হেদলা রাম তাঁদের সমর্থক নিয়ে ভোটকেন্দ্রে হামলা চালান। এ সময় তাঁরা কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাকে মারধর করে। একই সঙ্গে ইউনিয়নের ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও নির্বাহী বিচারক রাসেদুল ইসলামকে অবরুদ্ধ করে রাখে। তাদেরকে উদ্ধারে বিজিবি ও পুলিশের একটি দল সেখানে গেলে হামলাকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।পুলিশ ভোটকেন্দ্রে হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে সদস্য প্রার্থী রফিজুল ইসলাম, এনামুল হক, মোহাম্মদ জুয়েল ও কাজলকে আটক করে। পরে রাতেই রফিজুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও কাজলকে এক বছর করে এবং এনামুল হককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, পরিস্থিতি এখন শান্ত। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশীদ ভোট গণনায় কারচুপি প্রসঙ্গে বলেন, ওই কেন্দ্রে ভোট নিরপেক্ষভাবে গণনা করা হয়েছে। কোনো কারচুপি করা হয়নি।