ঠাকুরগাঁওয়ে বরষা মঙ্গল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ঐতিহ্যবাহী উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদের জীবন ও জীবিকার সঙ্গে বরষার সম্পর্ক নিবিড়। বরষা মঙ্গল উৎসব এই অঞ্চলের মানুষের পুরোনো ঐতিহ্য। কিন্তু এ চর্চা আজ বিলুপ্ত হতে চলেছে। বরষা মঙ্গলের এই পুরোনো রীতিকে বাঙালির মাঝে বাঁচিয়ে রাখতে ২৪ জুলাই ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা গ্রামের লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরের রবীন্দ্রমঞ্চে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজন করে ‘বরষা মঙ্গল উৎসব’।লোকায়নের চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার মিঞা আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার বি এম হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী প্রমুখ।জেসমিন আকতারের গাওয়া ‘সিমসিমানি দেওয়ার পানি/এলায় যাম মুই দোলা বাড়ি/তুই নাদাড়ি কোদাল আনি দে’ লোকসংগীতের মধ্য দিয়ে বরষা উৎসব শুরু হয়। এরপর শিল্পী প্রতিভা রায়, ইমরান, ফারজানা করিম, মেহেদি হাসান, রিক্তা ভট্টাচার্য, রত্না সরকার ও খায়রুন হাফিজানের সমবেত কণ্ঠে ‘বারিষধারা মাঝে শান্তিরও বারি’, শ্যামা তুমি এন মেঘ’, ‘মন মোর মেঘেরও সঙ্গী’, ‘এসো নিপবনে, ছায়া বিথি তলে এসো’, ‘আকাশ এত মেঘলা যেও নাকো একলা’, ‘এলো বরষা সহসা মনে তাই, রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যাই’ প্রভৃতি বর্ষার গান পরিবেশিত হয়।ক্ষুদে শিল্পী শাশ্বত জামান, শিক্ষানুরাগী মনতোষ কুমার দে, লোকায়ন চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও রিক্তা রানী ভট্টাচার্য গানের মাঝে মাঝে কবিতা আবৃত্তি করেন।শিশুশিল্পী প্রিয়তা ‘নাচ ময়ূরী নাচ রে’ গানের সঙ্গে নাচ পরিবেশন করে। সমবেত সংগীত ‘আবার জমবে মেলা, বটতলা হাট তলা’ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।