ঠাকুরগাঁওয়ে বার্ড ফ্লু আক্রান্ত মুরগি নিধন ও ডিম ধ্বংস শুরু
কাজী ফার্মসের ঠাকুরগাঁওয়ের ইয়াকুবপুর ইউনিটে বার্ড ফ্লু আক্রান্ত মুরগি নিধন আজ শুক্রবার বিকেলে শুরু হয়েছে। সরকারি নির্দেশে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে এ পদক্ষেপ নেওয়া হয়। কাজী ফার্মসের মহাব্যবস্থাপক শাহ আতাউর রহমান জানান, ফার্মের এক লাখ ১৭ হাজার ৬২৬টি মুরগি নিধন এবং দুই লাখ ১০ হাজার ৬০০টি ডিম ধ্বংস করা হবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাদ্দেকুর রহমান জানান, সরকারি নির্দেশ পেয়ে বিশেষ নিরাপত্তায় শতাধিক সদস্যের একটি দল আক্রান্ত মুরগি ও ডিম পুঁতে ফেলা শুরু করেছে। এ কাজ শেষ করতে আজ সারা রাত লেগে যেতে পারে। তিনি বলেন, ২৪ ঘণ্টা দেরিতে নিধন শুরু হলেও এই রোগ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, আশপাশের এলাকায় বার্ড ফ্লুর সংক্রমণ রোধে সংক্রমিত এলাকা থেকে কোনো পাখি যাতে বাইরে বের না হতে পারে, সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৮ ঘণ্টায় কাজী ফার্মসের ৩৯৫টি মুরগি মারা যায়। জয়পুরহাট আঞ্চলিক প্রাণী নিয়ন্ত্রণ রোগ গবেষণা কেন্দ্র ফার্মসের নমুনা পরীক্ষা করে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে।