ঠাকুরগাঁওয়ে বিএনপির ৩২ নেতা-কর্মী কারাগারে
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৩২ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়ার অভিযোগের মামলায় তাদের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দ্রুত বিচার মামলায় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাসুদুল ইসলামসহ ৩২ জন আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানায়। তবে মুখ্য হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারক মাসুদ পারভেজ তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।জানা গেছে, গত ১৬ মে ঠাকুরগাঁও শহরে ভাঙচুর চালায় বিএনপি নেতা-কর্মীরা। অভিযোগ রয়েছে, সে সময় নেতা-কর্মীরা শতাধিক মোটরসাইকেল, ভাড়ায় চালিত যানবাহন ও ঢাকাগামী বাস, বিভিন্ন ব্যাংক-বিমা এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। পরে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তা ছাড়া অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িও ভাঙচুর করে নেতা-কর্মীরা।এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। এতে ঘটনার দিন আটক জাহিদ হাসান, আরিফ হোসেন, শামীম ও হুসেন আলী নামের এ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।পরে ভিডিও ফুটেজ যাচাই ও তদন্ত করে গত ২৮ মে সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইলিয়াস আলী ছাত্রদল ও যুবদলের ৩৯ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. কামাল ও মো. জুয়েল নামের আরও দুজনকে গ্রেপ্তার করে। বাকিরা পলাতক থাকার পর আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন।এদিকে বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল বের করে।