ঠাকুরগাঁওয়ে রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ৫১ বিডিআর জওয়ানের বিরুদ্ধে আজ সোমবার রায় ঘোষণা করা হবে। গতকাল রোববার ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম এ ঘোষণা দেন। এর আগে বিডিআর বিদ্রোহের মামলায় গত বুধবার প্রথম রায় ঘোষণা করা হয়েছিল। সেই রায়ে পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার দায়ে ২৯ আসামির সবাই সাজা পেয়েছিলেন।ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত আদালতে গতকাল বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। আদালতের আশপাশে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব। সকাল সাড়ে আটটায় বিচারকাজ শুরু হয়। এর আগে জেলা কারাগার থেকে ৫১ আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। তাঁরা আদালতে লিখিত ও মৌখিক বক্তব্য দেন। তাঁদের মধ্যে ২৬ নম্বর আসামি সিপাহি পাপ্পু মণ্ডল লিখিত বক্তব্য দেওয়ার সময় কাঁদতে কাঁদতে চিৎকার করে বলেন, ‘মাননীয় আদালত আমি পরিস্থিতির শিকার। আমি না বুঝে ঊর্ধ্বতনের আদেশ পালন করতে গিয়ে এ অপরাধ করেছি। আমাকে ক্ষমা করুন।’ বলতে বলতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।বিডিআরে যোগদানের সাত দিনের মাথায় বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ উঠেছে এমন সাত আসামি সিপাহি মোকছেদুল হক, বাবুল আক্তার, শাহীন মাহমুদ, মোহাম্মদ ইলিয়াছ, আবু হেনা মোস্তফা কামাল, মীর হোসেন ও ওয়াসিম আকরাম আত্মপক্ষ সমর্থন করে কান্নায় ভেঙে পড়েন। তাঁদের কান্নায় আদালতের পরিবেশ ভারি হয়ে ওঠে। আদালতের সভাপতি মেজর জেনারেল মইনুল ইসলাম ওই সাতজনের কাছে জানতে চান, কার নির্দেশে তাঁরা বিদ্রোহে অংশ নিয়েছিলেন। তাঁরা নায়েব সুবেদার সহিদ উল্লাহ বিশ্বাসের নাম উল্লেখ করেন। মেজর জেনারেল মইনুল ইসলাম সহিদ উল্লাহ বিশ্বাসের দিকে তাকিয়ে বলেন, ‘এই নবীন সিপাহিদের আপনি কি সর্বনাশ করেছেন তা কি জানেন?’ জবাব না দিয়ে সহিদ উল্লাহ বিশ্বাস মহাপরিচালকের দিকে তাকিয়ে মুচকি হাসেন। ক্ষিপ্ত হয়ে মহাপরিচালক বলেন, ‘নবীন এই সৈনিকদের চোখের এক এক ফোঁটা পানি গণনা করে তার সমপরিমাণ বছর জেল আপনাকে দিতে পারলে আমি সন্তুষ্ট হতাম। আমার হাত আজ বেঁধে রেখেছে আইন। সাত বছরের বেশি জেল দেওয়ার বিধান নেই।’পরে সরকারি কৌঁসুলি ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম এক ঘণ্টা ধরে যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি বলেন, ‘৫১ জন আসামির বিরুদ্ধে সাক্ষীর পাশাপাশি ভিডিওচিত্রের মাধ্যমে বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি।’ তিনি বিডিআর আইনে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। আদালতে ৫১ আসামির মধ্যে ৪৪ জন অপরাধ স্বীকার করেন।সরকারি কৌঁসুলির যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালতের সভাপতি আসামিদের কাছে জানতে চান, উত্থাপিত অভিযোগ সম্পর্কে তাঁদের কোনো বক্তব্য আছে কি না? এ সময় আদালতে বক্তব্য দেন খন্দকার মোহাম্মদ মহসিন, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সিদ্দিকুল ইসলাম, জালাল উদ্দীন ও মিরাজ আলী। পরে সভাপতি মইনুল ইসলাম আজ বিকেল তিনটায় রায়ের তারিখ ঘোষণা করে আদালত মুলতবি ঘোষণা করেন।ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ এনে উপসহকারী পরিচালক নূরুল ইসলাম ফকির ৫১ জওয়ানের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে ২৬ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে।