ঠাকুরগাঁওয়ে রেলক্রসিংয়ে ঝুঁকি নিয়ে পারাপার
সামনে দ্রুতগতিতে ট্রেন আসছে দেখে রেলক্রসিংয়ের ওপরই সাইকেল ফেলে নিজের জীবন রক্ষা করেন এক সাইকেল আরোহী। গত রোববার এভাবেই ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতারমারী রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন মহেশালী গ্রামের আবদুল আলিম। শুধু আবদুল আলিম নন, অসাবধানে রেলক্রসিং পার হতে গিয়ে এমন ঘটনা অহরহই চোখে পড়ে বলে মোবারক হোসেন নামে এক এলাকাবাসী জানান। গেটম্যান না থাকায় ঠাকুরগাঁও রেলওয়ে জোনের অধীন ৭০টি রেলক্রসিংয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। সূত্রমতে, ঠাকুরগাঁও রেল জোনের অধীন ৭১ কিলোমিটার রেলপথে মোট ৭০টি ক্রসিং রয়েছে। স্টেশনের কাছের ও গুরুত্বপূর্ণ রেলক্রসিংগুলোতে গেটম্যান রয়েছে। কিন্তু দূরের গেটগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া সতর্কতাসংবলিত বোর্ডগুলোও নষ্ট হয়ে গেছে। এ কারণে ওই ৭১ কিলোমিটার পথে রেল চলাচল ঝুঁকির মধ্যে রয়েছে।সরেজমিনে দেখা গেছে, ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথের সদর উপজেলার পীরগঞ্জ সড়কের ভাতারমারী রেলক্রসিংটি খুবই আঁকাবাঁকা। কাছাকাছি থেকেও বোঝার উপায় নেই, সেখানে রেলক্রসিং রয়েছে। রেললাইন ও সড়কের উভয় পাশেই রয়েছে বিভিন্ন গাছের সারি। বাঁকা পথ পার হলেই রেললাইন। যানবাহন চালক ও পথচারীদের সতর্ক করতে রেলক্রসিংয়ের দুই ধারে দুটি বোর্ড টাঙানো আছে। এতে লেখা আছে, ‘এই গেটে কোনো গেটম্যান নাই। পথচারী ও সকল প্রকার যানবাহনের চালক নিজ দায়িত্বে পারাপার করিবেন এবং কোনোরূপ দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন।’ রেললাইনের দুই পাশে গতিরোধক থাকলেও, সেখানে নেই কোনো গেট বা গেটম্যান। ক্রসিংয়ের পাশেই গতিরোধক থাকলেও যেকোনো গাড়ি গতি নিয়ন্ত্রণ করতেই সেটি চলে আসে রেললাইনের ওপর। গুরুত্বপূর্ণ এই সড়কের ওপর দিয়ে অসংখ্য যানবাহন প্রতিদিন চলাচল করছে। ঠাকুরগাঁও-হরিপুর সড়কে নিয়মিত যাত্রীবাহী বাস চলাচলের পাশাপাশি বিভিন্ন ধরনের মালবাহী ট্রাকও এই পথে নিয়মিত চলাচল করে।বাসচালক আইয়ুব আলী জানান, রেলক্রসিংটি ঝুঁকি নিয়ে পার হতে হয়। কিছুদন আগে দুপুর বেলায় ট্রেন আসার সময় একটি যাত্রীবাহী বাসের চালক বিপদ বুঝে ব্রেক করলে বাসটি খাদে পড়ে যায়। সদর উপজেলার আখানগর, রুহিয়া, শিবগঞ্জসহ কয়েকটি রাস্তার রেলক্রসিংয়ে দেখা গেছে, কোনো গেট নেই। প্রায়ই যানবাহন গতি নিয়ন্ত্রণ করতে না পেরে অনেক সময় রেললাইনের ওপর উঠে যায়। এলাকার আজগর হোসেন জানান, রেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় প্রায়ই এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে, দ্রুতগতির মোটরসাইকেল আরোহীরা রেলক্রসিং দেখে তাত্ক্ষণিক গতি কমাতে গিয়ে রেললাইনের ওপর উঠে গিয়ে উল্টে পড়ে ও আহত হয়। এখানে স্থায়ী গেটম্যান থাকলে দ্রুতগামী ট্রেন পার হওয়ার সময় যানবাহন ও পথচারীদের দুর্ঘটনার আশঙ্কা থাকে না। ঠাকুরগাঁও রেল স্টেশনের মাস্টার শওকত আলী বলেন, ঠাকুরগাঁওয়ের অধীন ৭১ কিলোমিটার রেলপথ ও বিভিন্ন স্টেশনে কিছুদিন আগেও মোট ১৭০ জন লোক কর্মরত ছিলেন। বদলি, অবসর ইত্যাদি কারণে এখন মাত্র ৬৫ জন আছেন। লোকবলের সঙ্কটে গুরুত্বপূর্ণ ক্রসিংগুলো ছাড়া প্রায় সব ক্রসিংই অরক্ষিত অবস্থায় থাকে। যানবাহন ও পথচারীদের সতর্কভাবে রেলক্রসিংগুলো পারাপার হতে পরামর্শ দেওয়া ছাড়া কর্তৃপক্ষের কিছুই করার নেই।