ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে গতকাল বৃহস্পতিবার রাতে বিএসএফের গুলিতে মো. ফারুক (২২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। ফারুকের বাড়ি উপজেলার চড়ুইগতি গ্রামে।পুলিশ ও ফারুকের সঙ্গী লাভলুর ভাষ্যমতে, চড়ুইগাতি গ্রামের মো. ফারুকসহ কয়েকজন গরু ব্যবসায়ী গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থেকে গরু নিয়ে ফিরছিলেন। ওই সময় বেউরঝারি সীমান্তের ৩৭৯/৬এস নম্বর মেইন পিলারের কাছে ভারতের বরাবুল্লা সীমান্তের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ফারুক গুলিবিদ্ধ হলে স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত নয়টার দিকে তিনি মারা যান। বিএসএফের ছোঁড়া গুলি থেকে রক্ষা পেতে কাঁটাতার পাড় হতে গিয়ে ফারুকরে সঙ্গী লাভলু (২৪) আহত হয়েছেন। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফারুকের পেটে ও পায়ে গুলি লাগে। ঘটনাস্থল বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী বালিয়াডাঙ্গী হাসপাতালে লাশ দেখার পর বলেন, ফারুক ভারত থেকে গরু এনে ব্যবসা করতো।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আজ শুক্রবার এ ব্যাপারে উপজেলার নাগরভিটা সীমান্তের শূন্য রেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হবে।