ঠাকুরগাঁওয়ে ২০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৫১ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি আগামী শনিবার সকাল আটটা পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বৃহস্পতিবারের বিশেষ আদালত-২-এ সন্ধ্যা সোয়া ছয়টায় শুনানি শেষ হয়। আদালতে আজ ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আসামিদের মধ্যে ৪৪ জন নিজেদের দোষী এবং সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন।বেলা ১১টা পাঁচ মিনিটে আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আসামিদের প্রত্যেকের নাম ধরে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো উল্লেখ করেন এবং তাঁদের কাছে জানতে চান তাঁরা দোষী না নির্দোষ। এ সময় তিনজন নিজের দোষ স্বীকার করেন। পরে চতুর্থজন সেপাই সেলিম মিয়া দোষ স্বীকার বা অস্বীকারের ব্যাপারে তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করার জন্য সময় চান। এর জন্য আদালত আসামিদের সবাইকে বেলা ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত এক ঘণ্টা সময় দেন। এ সময় আসামিরা মুঠোফোনে ও আদালত এলাকায় উপস্থিত আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন।পরে আসামিদের মধ্যে ৪৪ জন নিজেদের দোষী এবং সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন।এর আগে সকাল পৌনে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের শুরুতেই আদালতের সভাপতি একটি সংক্ষিপ্ত ভাষণ দেন। পরে ১০টা ২০ মিনিটে শুনানি মুলতবি ঘোষণা করে বেলা ১১টায় আদালত আবার বিচারকাজ শুরু করেন।এরপর সরকারি কৌঁসুলি ও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ আলম আসামিদের অপরাধের বিবরণ তুলে ধরেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কিছু ভিডিও ফুটেজ দেখান আদালতে। আসামিদের কড়া নিরাপত্তার মধ্যে সকাল আটটার আগেই আদালতে হাজির করা হয়। আদালতের অন্য বিচারকেরা হলেন লে. কর্নেল মো. মাহফুজুর রহমান ও মেজর দিদার আল লতিফ। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়। সরকারি কৌঁসুলিকে সহযোগিতা করছেন মোশাররফ হোসেন ও মঞ্জুর আলম। আসামিদের কৌঁসুলি হিসেবে কাজ করছেন ঠাকুরগাঁওয়ের সাতজন স্থানীয় আইনজীবী।