বিডিআর বিদ্রোহের মামলার দ্বিতীয় রায়ে ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৫১ জওয়ানের মধ্যে ৫০ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে দুজনের। একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। আদালত কারাদণ্ডের পাশাপাশি সব আসামিকে ১০০ টাকা করে অর্থদণ্ডও করেছেন। বিডিআরের নিজস্ব আইনে এ সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার দিন থেকে সাজা বেসামরিক কারাগারে কার্যকর হবে বলে বলা হয়েছে। এর আগে ৭ এপ্রিল বিডিআর বিদ্রোহের মামলায় প্রথম রায় দেওয়া হয়। এতে পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের ২৯ আসামির সবার সাজা হয়।ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এর সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম গতকাল সোমবার বিকেলে এ রায় ঘোষণা করেন।কড়া নিরাপত্তার মধ্যে গতকাল বিকেল তিনটা ৫৫ মিনিটে আদালত বসেন। বিচার-প্রক্রিয়া নিয়ে ২০ মিনিট কথা বলার পর সোয়া চারটার দিকে রায় পড়া শুরু করেন আদালতের সভাপতি। সব আসামির সাজার আদেশ আলাদাভাবে পড়েন তিনি। বিকেল পৌনে পাঁচটায় রায় পড়া শেষ হয়। আসামিদের আইনগত সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে বিডিআরের মহাপরিচালক উল্লেখ করেন।আদালতের সভাপতির বক্তব্য: রায় ঘোষণার আগে আদালতের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ২০ রাইফেল ব্যাটালিয়নের ইতিহাসে এই দিনটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বিচারের আইনি প্রক্রিয়ায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য কমপক্ষে ২৭ দিন সময় দিতে হয়। এ ক্ষেত্রে ৬৯ দিন সময় দেওয়া হয়েছে। আইনি সহায়তা দেওয়ার জন্য একজন বিডিআরের কর্মকর্তা নিয়োগ করা হয়। সাতজন বেসামরিক আইনজীবী ছিলেন। আসামিদের আত্মীয়, দর্শনার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে বিচার-প্রক্রিয়া চলে। তিনি জানান, এ মামলায় ৪ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। সাতজন আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। অপর ৪৪ আসামি দোষ স্বীকার করে ক্ষমা চান। নির্দোষ দাবি করা সাত আসামি সাফাই সাক্ষ্য দিতে রাজি হননি। সব সাক্ষ্য-প্রমাণে ২০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহ সংঘটিত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ৫০ আসামি প্রত্যক্ষভাবে বিদ্রোহে জড়িত বলে প্রমাণিত হয়েছে। বিডিআরের মহাপরিচালক মইনুল ইসলাম বলেন, বিচারে তিনটি বিষয় বিবেচনা করা হয়েছে। এক. সংবিধানের ৪৫ ও ১৫২ অনুচ্ছেদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রণীত আইন সমুন্নত রাখা। দুই. দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুশৃঙ্খলতা রক্ষা করা এবং তিন. দোষ স্বীকার করে সময় সাশ্রয় করে আদালতকে সহায়তা ও ঘটনায় অনুতপ্ত হওয়ার বিষয় বিবেচনায় আনা।সাজার বিবরণ: সর্বোচ্চ সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নায়েক সুবেদার শহীদুল্লাহ বিশ্বাস ও সিপাহি মো. শাহজাহান। ছয় বছর সাজা হয়েছে পাঁচজনের। তাঁরা হলেন হাবিলদার মো. আবদুল হক, সিপাহি আরিফুর রহমান মজুমদার, সুবেদার মেজর খন্দকার মোহাম্মদ মহসীন, সিপাহি নাহিদুর রহমান ও সিপাহি মিরাজ আলী।পাঁচ বছর ছয় মাস করে সাজা হয়েছে দুজনের। তাঁরা হলেন সিপাহি মো. জহিরুল ইসলাম ও ল্যান্স নায়েক সহকারী মো. সিদ্দিকুল ইসলাম। পাঁচ বছর করে সাজা হয়েছে পাঁচজনের। তাঁরা হলেন ল্যান্স নায়েক সেলিম মিয়া, সিপাহি আরমোরার জাকির হোসেন, নায়েক এনামুল হক, ল্যান্স নায়েক নুরুল ইসলাম ও সিপাহি মো. হাবিবুর রহমান। দুজনের সাজা হয়েছে তিন বছর করে। তাঁরা হলেন সিপাহি মো. আলী আকবর ও নায়েব সুবেদার সহকারী মো. ফজলুর রহমান ভূঁইয়া। দুই বছর করে সাজা হয়েছে সিপাহি মো. রাজু আহমেদ, মো. রুহুল আমিন, সিপাহি সহকারী মো. নাজমুল হুদা ও মো. সাইফুল ইসলামের। তিনজনের এক বছর এক মাস করে সাজা হয়েছে। তাঁরা হলেন ল্যান্স নায়েক সহকারী মো. আনোয়ার হোসেন, হাবিলদার মো. গোলাম মোস্তফা ও সিপাহি মো. আমজাদ হোসেন। ছয় মাস করে সাজা হয়েছে ১৪ জনের। তাঁদের মধ্যে ১১ জন সিপাহি। তাঁরা হলেন মো. আরশাদ, জসিম উদ্দিন, মো. পাপ্পু মণ্ডল, মঞ্জুরুল হাশেম, মো. আকতারুজ্জামান, মাসুম বিল্লাহ, হালিম রানা, সেলিম রেজা, ইবনে মাসুদ রানা, জিয়াউর রহমান, মো. সবুর উদ্দিন। অপর তিনজন হলেন হাবিলদার রেজাউল করিম, জালাল উদ্দিন ও ল্যান্স নায়েক আবুল বাশার। এ ছাড়া ১৩ জনের চার মাস করে সাজা হয়েছে। তাঁরা সবাই সিপাহি। তাঁরা হলেন রেজাউল করিম, একাব্বর আলী, আবদুল্লাহ আল মামুন, জিল্লুর রহমান, হানিফ উদ্দিন, রবিউল ইসলাম, মোকছেদুল হক, বাবুল আক্তার, শাহীন মাহমুদ, মোহাম্মদ ইলিয়াছ, আবু হেনা মোস্তফা কামাল, মো. মীর হোসেন ও ওয়াসিম আকরাম। অসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা (এলপিআর) নায়েব সুবেদার সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস দিয়েছেন।আসামিদের অসন্তোষ: রায়ের পর অনেক আসামি চিৎকার করে অসন্তোষ প্রকাশ করেন। রায় ঘোষণার সময় কয়েকজন আসামি কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন। দোষ স্বীকার করা ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি সিপাহি আরিফুর রহমান মজুমদার বলেন, ‘বিচারকদের পরামর্শে দোষ স্বীকার করেও আজ আমার ছয় বছর কারাদণ্ড হলো। আদালত আমাদের সঙ্গে বেইমানি করল।’ তিনি আরও বলেন, ‘যাদের আদেশে আমরা বিদ্রোহ করেছি, তাদের কিছুই হলো না। বাদী ও অনেক সাক্ষী বিদ্রোহ ঘটনার সঙ্গে জড়িত থেকেও পার পেয়ে গেছে। এ আদালতে আমরা ন্যায়বিচার পাইনি।’আরেক সাজাপ্রাপ্ত আসামি নায়েব সুবেদার সহিদ উল্লাহ বিশ্বাস রায় হওয়ার পর আকাশের দিকে দুই হাত তুলে চিৎকার করে বলেন, ‘যারা এই বিচার করছে তারা অন্ধ। এদের হাতে কেউ ন্যায়বিচার পেতে পারে না। কেয়ামতের মাঠে আল্লাহ এই ষড়যন্ত্রকারীদের বিচার করবে। আল্লাহ, তুমি এদের শাস্তি দাও।’ আইনজীবীদের বক্তব্য: রায়ের পর এক সংবাদ ব্রিফিংয়ে সরকারি কৌঁসুলি ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম বলেন, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ায় ভবিষ্যতে বিদ্রোহের সাহস আর কারও হবে না। একটি সুশৃঙ্খল বাহিনীর জন্য এমন রায় প্রয়োজন ছিল।নির্দোষ দাবি করা সাত আসামির আইনজীবী সাহাবুদ্দীন খান বলেন, ‘বিডিআর আইনে সাক্ষীকে জেরা করার সুযোগ ছিল না। শুধু আসামিকে সহযোগিতা করেছি। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি না পাওয়া পর্যন্ত প্রতিক্রিয়া জানানো ঠিক হবে না।’ সরকারি কৌঁসুলিকে সহায়তাকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মোশারফ হোসেন বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটা বিডিআরের সর্বোচ্চ আদালত। এই আদালতের রায়ের বিরুদ্ধে কোনো আদালতে আপিল বা রিট করার সুযোগ নেই। আসামিদের বন্ধু বিডিআরের কর্মকর্তা মেজর সৈয়দ রাশীদ আহমেদ বলেন, ‘এ রায়ে আমি সন্তুষ্ট। আসামিরা দোষ স্বীকার করায় তাদের সাজা অনেক কম হয়েছে।’ গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে ২৬ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ এনে উপসহকারী পরিচালক (ডিএডি) নুরুল ইসলাম ফকির বাদী হয়ে ৫১ জওয়ানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনে ১০(১) ধারায় শৃঙ্খলা ভঙ্গ ও বেআইনিভাবে অস্ত্র ও গোলাবারুদ হাতে নিয়ে গুলিবর্ষণ, পঞ্চগড়-ঢাকা মহাসড়কে কাঠের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে বাধা, ঘন ঘন বাঁশি বাজানো, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বিদ্রোহ সংঘটনে সহযোগিতার অভিযোগ আনা হয়। ঠাকুরগাঁওয়ে বিদ্রোহের বিচার ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।