ঠাকুরগাঁওয়ে ৫১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নের ৫১ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের সভাপতিত্বে আদালতের কার্যক্রম শুরুর পর এ অভিযোগ গঠন করা হয়। এক ঘণ্টা চলার পর আদালত মুলতবি হয়ে যায়। কাল বৃহস্পতিবার সকাল ১০টায় আবার আদালতের কার্যক্রম শুরু হবে।আদালতের কার্যক্রম শুরু হলে ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নের ডিএডি নুরুল ইসলাম ফকির ৫১ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ গঠন করে তিনি বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের পর ২০ রাইফেলস ব্যাটালিয়নের ৫১ জন সদস্য শৃঙ্খলা ভঙ্গ করে বাঁশি বাজিয়ে অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে এলোপাতাড়ি ফাঁকা গুলি ছোড়েন। এরপর গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কে ব্যারিকেড দেন। তত্কালীন ২০ রাইফেলস বিডিআরের অধিনায়ক লে. কর্নেল এস শাহেদ কামাল কোনো রকম গুজবে কান না দেওয়ার জন্য সর্বস্তরে বিডিআর সদস্যদের প্রতি নির্দেশ দেন। কিন্তু তাঁরা সম্মিলিতভাবে ওই নির্দেশ উপেক্ষা করে ফাঁকা গুলি করে এলাকায় ত্রাসের সৃষ্টি করেন। এ সময় তাঁরা বিডিআরের কর্মকর্তাদের খোঁজাখুঁজি করতে থাকেন ও নৈরাজ্য সৃষ্টির করেন। বর্তমানে তাঁদের মধ্যে ১২ জন ঠাকুরগাঁও কারাগারে আটক। বাকি ৩৯ জন খোলা অবস্থায় এই ইউনিটে নিরাপত্তা হেফাজতে রয়েছেন।মামলার সরকারি কৌঁসুলি ২০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম বাদীর বক্তব্যকে সমর্থন করেন।আদালতের সভাপতি মেজর জেনারেল মইনুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে কারাগারে আটক আসামিদের এই মামলায় গ্রেপ্তার দেখাতে বলেন। যাঁরা নিরাপত্তা হেফাজতে আছেন, তাঁদেরও গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি আসামিদের মামলার আদেশের কপি সরবরাহ করার নির্দেশ দেন। এ ছাড়া কাল বৃহস্পতিবার সকাল ১০টায় ৫১ জন অভিযুক্ত বিডিআর সদস্যকে পোশাক পরিয়ে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়, সরকারি কৌঁসুলি লে. কর্নেল মাহফুজুর রহমান ও মেজর দিদার আল লতিফ এ সময় আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষ পিপি হিসেবে আদালতে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন কাজল ও শেখ বাহারুল ইসলাম।আদালতে সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁওয়ের ২০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম।