ঠাকুরগাঁওয়ে ৫১ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলায় গতকাল বৃহস্পতিবার ৫১ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ওই ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। পরে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আগামীকাল শনিবার সকাল আটটা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে।কড়া নিরাপত্তার মধ্যে গতকাল সকাল আটটার আগেই ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে ৫১ জন আসামিকে আদালতে হাজির করা হয়। আদালতের আশপাশে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব।সকাল পৌনে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হলে আদালতের সভাপতি বক্তব্য দেন। পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হিসেবে সাক্ষীর লিখিত জবানবন্দি, আলোকচিত্র ও ভিডিওচিত্র আদালতে উপস্থাপন করেন। এ পর্যায়ে আসামিদের অপরাধগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়। এগুলো হলো—বিদ্রোহ পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারী, বিদ্রোহে ইন্ধন-উসকানিদাতা, অস্ত্রাগারের তালা ভাঙা, ম্যাগাজিনের তালা ভাঙা, গণমাধ্যমের সামনে বিডিআর কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট বক্তব্য প্রদান, মহাসড়ক অবরোধ, সীমান্ত থেকে ভারী অস্ত্র আনয়ন, দায়িত্বে অবহেলা, বিদ্রোহ দমনে নিষ্ক্রিয়তা, বেসামরিক এলাকা-বাড়ির ছাদ থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া, সক্রিয় অংশগ্রহণ ও অতি উৎসাহী ভূমিকা পালন।এরপর আদালতের সভাপতি আসামিদের কাছে জানতে চান, আত্মপক্ষ সমর্থনের জন্য তাঁদের কতজন বন্ধু (ফ্রেন্ডস অব দি অ্যাকিউজড) প্রয়োজন। ৩৩ জন আসামি বন্ধু হিসেবে মেজর সৈয়দ রাশীদ আহমেদকে নিয়োগ দেন। বাকি ১৮ জন আসামি সাতজন বেসামরিক আইনজীবীকে তাঁদের সহায়তার জন্য প্রস্তাব করেন। এই আইনজীবীরা হলেন মোজাফফর আহমেদ, ইমরান চৌধুরী, সাহাবুদ্দীন খান, গোলাপ হোসেন, ফজলে রাব্বী, ফজলে আলম ও মোহাম্মদ নবাব।দুপুর ১২টার দিকে আদালতের সভাপতি প্রত্যেক আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর তিনি আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। এ সময় আসামিরা স্বজনদের সঙ্গে দেখা ও আলোচনা করার সুযোগ চান। আদালতের সভাপতি আসামিদের এক ঘণ্টা সময় দেন। এরপর ৪৪ জন আসামি তাঁদের দোষ স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করেন। অপর সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। মামলায় ৮৬ জন সাক্ষীর মধ্যে গতকাল ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর আসামিদের জেলা কারাগারে ফেরত পাঠানো হয়।আদালতের অপর সদস্যরা হলেন লে. কর্নেল মো. মাহফুজুর রহমান, মেজর দীদার-আল-লতিফ। মামলার সরকারি কৌঁসুলি হিসেবে ছিলেন ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম। তাঁকে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোশারফ হোসেন ও মঞ্জুরুল আলম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শ্রী বিশ্বজিত্ রায়।লে. কর্নেল মাহফুজ আলম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আসামিদের প্রত্যেককে সাক্ষীদের তালিকাসহ সাক্ষ্য প্রমাণের সারসংক্ষেপ সরবরাহ করা হয়েছে।গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে ২৬ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) নুরুল ইসলাম ফকির বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ৫১ জন জওয়ানের বিরুদ্ধে মামলা করেন। ২০ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে গত ৩ ফেব্রুয়ারি মামলার বিচারকাজ শুরু হয়।