ঠাকুরগাঁওয়ের বাস চালককে মারধরের প্রতিবাদে তিন ঘণ্টা সড়ক অবরোধ
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় মো. রমজান আলী নামের এক বাস চালককে মারধরের প্রতিবাদে শহরের কলেজ রোড অবরোধ প্রত্যাহার করেছে মোটর শ্রমিক ইউনিয়ন। জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগে এক বাস চালককে মারধর করার প্রতিবাদে এই অবরোধ ডাকা হয়। আজ রোববার দুপুর পৌনে ১২টায় এ অবরোধ শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত চলে।মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুর জব্বার বলেছেন, আগামীকাল সোমবার তাঁরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। বাসের চালক মো. রমজান আলী জানান, আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. শাহ আলম সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছিলেন। পথে তাঁরা মাদারগঞ্জ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মিনিবাস জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দেয়। এ ঘটনার পর জেলা প্রশাসকের সঙ্গে থাকা কয়েকজন পুলিশ সদস্য রমজান আলীকে বাস থেকে নামিয়ে মারধর করে। সদর থানার পুলিশ জানায়, জেলার প্রশাসকের গাড়িতে ধাক্কা দেওয়ার পর রমজান আলীকে তার বাসসহ থানায় নিয়ে আসা হচ্ছিল। কিন্তু পথে রমজান শহরের আর্ট গ্যালারির বাসস্ট্যান্ডের সামনের সড়কে বাসটিকে আড়া-আড়িভাবে রেখে দেন। এ সময় তিনি বাস থেকে নেমে শ্রমিকদের ডাকতে থাকেন। পরে অন্য শ্রমিকেরা সড়কের ওপর আরও বাস ও ট্রাক রেখে সড়কটি অবরোধ করে। মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুর জব্বার বলেন, ‘একজন চালক দুর্ঘটনার জন্য দায়ী হলে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু তাঁকে মারধর করা যায় না। আমরা জেলা প্রশাসকের শাস্তি দাবি করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছি।’ পরে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। আগামীকাল পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান। এ বিষয়ে জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান বলেন, ‘আটক ওই বাস চালক বেপরোয়া গাড়ি চালিয়ে আমার গাড়িকে ধাক্কা দিলে কর্তব্যরত পুলিশ রেগে গিয়ে মারধর করেছে। একজন চালকের এমন বাস চালনার প্রতিবাদে এমন আচরণ স্বাভাবিক।’ তিনি আরও জানান, আটক ওই চালকের বাস চালনার কোনো লাইসেন্স নেই।