ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা জজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা ও দায়রা জজ রুহুল আমীন খন্দকারের বিরুদ্ধে আনা লিখিত অভিযোগের তদন্ত শুরু হয়েছে। বগুড়ার জেলা ও দায়রা জজ তারিক হায়দার তদন্তকাজ পরিচালনা করছেন। রুহুল আমীন খন্দকার বর্তমানে মাগুরার জেলা ও দায়রা জজ।ঠাকুরগাঁওয়ের বিচারিক হাকিমের আদালতে ২০০৮ সালে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে তত্কালীন জেলা ও দায়রা জজ রুহুল আমীন খন্দকারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেন ওই নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও জেলার মুখ্য বিচারিক হাকিম মো. আশেকুর রহমান। এসব অভিযোগ তিনি গত বছরের ২৭ এপ্রিল জেলা জজের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও আইনসচিব বরাবর লিখিত আকারে পাঠান। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার গত বছরের জুলাই মাসে একটি তদন্ত কমিটি গঠন করেন। বগুড়ার জেলা ও দায়রা জজ তারিক হায়দারকে এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গতকাল সোমবার তারিক হায়দার তদন্তকাজ শুরু করেন।তদন্ত কর্মকর্তা তারিক হায়দারের সঙ্গে গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘তত্কালীন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ রুহুল আমীন খন্দকারের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত শুরু করেছি। তদন্ত কয় দিন চলবে তা এ মুহূর্তে বলতে পারছি না।’লিখিত অভিযোগ থেকে জানা যায়, ঠাকুরগাঁওয়ের বিচারিক আদালতে কিছু শূন্যপদে নিয়োগের জন্য ২০০৮ সালের এপ্রিল মাসে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ জন্য মুখ্য বিচারক হাকিমকে চেয়ারম্যান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং একজন বিচারককে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট নিয়োগ ও বাছাই কমিটি গঠন করেন জেলা ও দায়রা জজ রুহুল আমীন খন্দকার। ওই বছরের এপ্রিল মাসে লিখিত পরীক্ষা হয়। ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত জেলা ও দায়রা জজের উপস্থিতিতে তাঁর খাস কামরায় খাতা কাটা ও পেনসিল দিয়ে নম্বর দেওয়া হয়। পরে ২০ থেকে ৩০ মে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। লিখিত অভিযোগে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময় জজ রুহুল আমীন তাঁর পছন্দের প্রার্থীদের নম্বর বাড়িয়ে দিতে নিয়োগ কমিটির সদস্যদের প্রভাবিত করতেন। তিনি অবৈধ প্রভাব খাটিয়ে ১ জুন নিয়োগ কমিটির চেয়ারম্যানের কাছ থেকে যাচাই করা উপযুক্ত প্রার্থীর নামের তালিকা, আবেদনপত্র, পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার উত্তরপত্র, নম্বরপত্র নিজের কাছে নেন। বিধিমতে তিনি শুধু উপযুক্ত প্রার্থীর প্রস্তুত করা নামের তালিকা নিতে পারেন। কিন্তু নিয়োগ তালিকা চূড়ান্ত হওয়ার পরও তিনি পুরো তালিকা নিয়ে উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষা করেন এবং লাল কালি দিয়ে যোগ্য প্রার্থীদের প্রাপ্ত নম্বর হেরফের করেন। অভিযোগে বলা হয়, ওই বছরের (২০০৮) ১২ জুন বিভিন্ন পদে ১১ জন, ২৫ জুন ২৭ জন এবং ১৬ জুলাই সাতজনকে নিয়োগ দেওয়া হয়। স্টেনো-টাইপিস্ট পদে সাতজনকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সেখানে মেধাক্রম অনুসরণ না করে অর্থাত্ দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্থান অধিকারী যথাক্রমে মো. করিমুল হক, মো. আনিছুর রহমান, জুয়েল আহমেদ, মো. আবদুর সবুর খান, মো. রবিউল ইসলামকে বাদ দিয়ে অষ্টম স্থান অধিকারী আবদুল মান্নান, দশম স্থান অধিকারী নারগিস আক্তার, ১৩তম স্থান অধিকারী শিরিন আখতার, ১৪তম স্থান অধিকারী জিন্নাতুন নাহার ও ১৬তম স্থান অধিকারী পদ্মলোচন রায়কে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ওই পদে দশম স্থান অধিকারী আবদুল মান্নানের আবেদন করার যোগ্যতা ছিল না। আবেদন জমা দেওয়ার শেষ দিনে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর সাত মাস ১৭ দিন। এ অবস্থায় তিনি জাল সনদ দিয়ে মুক্তিযোদ্ধা পোষ্য হিসেবে আবেদন করেন। কিন্তু মুক্তিযোদ্ধার সনদ জাল হওয়ায় তাঁকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ না দিয়ে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে ফরাস পদে মেধাতালিকার প্রথম স্থান অধিকারী মো. ইসাহাক আলীকে বাদ দিয়ে দ্বিতীয় স্থান অধিকারী মো. ফয়সাল শাহকে, নৈশপ্রহরী পদে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী যথাক্রমে মো. হেলাল ও মো. মামুনুর রশীদকে বাদ দিয়ে তৃতীয় স্থান অধিকারী জয়নাল আবেদীনকে নিয়োগ দেওয়া হয়। জারিকারক পদে মেধাক্রমের প্রথম সাতজনের মধ্যে ক্রমিক নম্বর চার ও ছয়কে নিয়োগ না দিয়ে মেধাক্রমের ১৩তম আলী আকবর ও ১৫তম সিরাজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। এমএলএসএস পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে মেধাক্রমের ১০ নম্বরে থাকা আল ইমরানকে বাদ দিয়ে ১৫ নম্বর ক্রমিকের আবু জুয়েলকে নিয়োগ দেওয়া হয়। টাইপিস্ট-কপিস্ট পদে দুজনকে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বাদ দিয়ে চতুর্থ স্থান অধিকারী সেলিম জাভেদকে নিয়োগ দেওয়া হয়। ঠাকুরগাঁওয়ের মুখ্য বিচারিক হাকিম ও বাছাই কমিটির চেয়ারম্যান মো. আশেকুর রহমান জানান, জজ রুহুল আমীন খন্দকারের যেসব অনিয়ম পাওয়া গেছে সেসব জানিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও আইনসচিবকে লিখিতভাবে জানানো হয়েছে।এসব বিষয়ে জানতে বর্তমানে মাগুরায় কর্মরত জেলা ও দায়রা জজ রুহুল আমীন খন্দকারের সঙ্গে গত বছরের নভেম্বর মাসে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে বলতে চাই না। যাঁরা অভিযোগ করেছেন তাঁদের সঙ্গে কথা বলুন।’ জানা গেছে, ওই নিয়োগ কমিটির সদস্য বর্তমানে রংপুরের জ্যেষ্ঠ সহকারী জজ রবিউল আলম গতকাল সাক্ষ্য দিয়েছেন।