ঠাকুরগাঁয়ে চুনরিরা পেশা বদলে মরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সংস্কৃতি আর ঐতিহ্যের অন্যতম অপরিহার্য উপাদান পান। আর এ পানের অপরিহার্য উপাদান হলো চুন। কিন্তু এই চুন কীভাবে তৈরি হয় কিংবা এটি তৈরির সঙ্গে জড়িত কারা অথবা কেমন তাদের জীবনধারা তার খোঁজ আমরা অনেকেই রাখি না। চুন তৈরির সঙ্গে যাঁরা জড়িত অনেকে তাঁদের ডাকেন চুনরি বলে, আবার কেউ বলেন জুগি, যা বলেই ডাকা হোক না কেন, ভালো নেই ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা সাহাপাড়ায় চুনরিরা।পূর্বপুরুষের চুন তৈরির ব্যবসা ধরে রেখে কোনো রকমে চলছে এদের জীবন। কিন্তু এ পেশা তাদের জীবনের দাবি মেটাতে পারছে না। ফলে পেশাটি ছাড়তে মরিয়া নতুন প্রজন্মের অনেক চুনরি। পবিত্র দেবনাথের স্ত্রী মনিকা রানী (৩৫) বলেন, ‘ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করি। কিন্তু তারপরও সংসারের খরচ জোটে না। দেনা করে কোনোমতে দিন কাটাতে হয়। ছেলেমেয়েদের পড়াতে পাড়ছি না।’ধনেশ দেবনাথ (৫৫) জানান, বাপ-দাদার সময় থেকে চুন তৈরির কাজ করে আসছেন। বর্তমানে খাল-বিল, নদী-নালায় ঝিনুক না পেয়ে গড়েয়া, খানসামা থেকে বস্তাপ্রতি ৩০০ টাকা দরে ঝিনুক কিনতে হয়। ফলে চুনের উৎপাদন খরচ বেড়ে যায়। চুনের বর্তমান বাজারদর প্রতি মণ ৪৮০ টাকা। যে লাভ হয় তাতে সংসার চালানো কঠিন। তিনি সংশয় প্রকাশ করে বলেন, ‘আমরা আর কত দিন এ পেশায় টিকতে পারব, তা ভগবানই জানেন। তাই ছেলেমেয়েদের শিক্ষিত করার চেষ্টা করছি।’ ঠাকুরগাঁওয়ের সমাজ গবেষক মুহম্মদ শহীদ উজ জামান চুন শিল্পের বিলুপ্তি সম্পর্কে বলেন, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার কাচনাসহ চৌদ্দ হাতকালী, রুহিয়া, রানীশংকৈল উপজেলার জগদল, বন্দর, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী, মহেশপুর গ্রামের চুন শিল্পের কারিগরেরা নিজ পেশা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন। চুন তৈরির কাঁচামাল ঝিনুক হাতের কাছের জলাশয়গুলোতে না পাওয়ায় এবং পাথর চুনের ব্যবহারের প্রবণতা বেড়ে যাওয়াসহ নানা প্রতিকূলতায় পূর্বপুরুষের পেশা বদল করতে তাঁরা মরিয়া হয়ে উঠেছেন। এভাবেই হারিয়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী চুনশিল্প। রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক জানান, ঠাকুরগাঁওয়ে যেসব প্রাচীন পেশা রয়েছে এর মধ্যে ঝিনুক পুড়িয়ে চুন তৈরি করা অন্যতম। এ শিল্প বাঁচিয়ে রাখতে চুনরিদের সহজ শর্তে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।