ঠান্ডায় আল্লাহই ভরসা
তিন বছর বয়সী ছেলে জানান প্রচণ্ড ঠান্ডায় মারা গেছে কয়েক দিন আগে। কিন্তু ছেলের জন্য শোক করার সময় নেই বাবা তাজ মোহাম্মদের। বরং পরিবারের জীবিত সদস্যদের জন্যই তাঁর যত দুশ্চিন্তা। অসহায়ের মতো তিনি বললেন, ‘এখন আল্লাহই ভরসা। এই ঠান্ডায় তিনিই বাঁচাবেন।’জানানের মতো আফগানিস্তানের রাজধানী কাবুলের বাইরে কামবার শরণার্থী শিবিরে আরও প্রায় ১০ হাজার শরণার্থী শিশু রয়েছে। তীব্র শীতে এসব শিশুর জীবন এখন বিপন্ন। গত বছর কাবুলের চারদিকে গড়ে ওঠা বিভিন্ন শরণার্থী শিবিরে ঠান্ডায় শতাধিক শিশু মারা গেছে। আর কামবার শরণার্থী শিবিরে মারা গেছে ২৬ জন। তাজ মোহাম্মদ বলেন, ‘আমাদের ঘরে খাবার নেই। নেই শীতবস্ত্র। এই শিবিরের সবার অবস্থাই এমন। আমাদের সাহায্য দরকার। সাহায্য না পেলে অনেক শিশুই মারা যাবে।’ কামবার শরণার্থী শিবিরের এই ঘটনা দেশটির সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। কামবার শরণার্থী শিবিরটি প্রেসিডেন্ট ভবন থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। অথচ এখানেই শরণার্থী শিশুরা ঠান্ডায় মারা যাচ্ছে। দেশটিতে প্রতিবছর শত শত কোটি ডলার বিদেশি সহায়তা আসে। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, অসহায় মানুষের জন্য সবকিছুই করা হচ্ছে। কিন্তু কামবার শরণার্থী শিবিরের চিত্র ভিন্ন কথা বলে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, আফগানিস্তানে প্রায় চার লাখ ৬০ হাজার বাস্তুচ্যুত মানুষ রয়েছে। এর মধ্যে ৩৫ হাজার মানুষ রয়েছে রাজধানী কাবুলের ৫৪টি শিবিরে। টিকে থাকার জন্য এসব শিবিরের মানুষগুলোকে সব সময়ই সংগ্রাম করতে হয়। আর শীত মৌসুমে অন্যান্য প্রতিকূলতার পাশাপাশি প্রচণ্ড ঠান্ডার সঙ্গেও তাদের লড়তে হয়। সে লড়াইয়ে পরিবারের শিশুরা অসহায়ের মতো বলি হয়।—বিবিসি অনলাইন অবলম্বনে।