ঠিকই করেছেন বলে দাবি সাকিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে একই প্রশ্ন ঘুরে ঘুরে এল—টসে জিতে কেন ফিল্ডিং নিলেন? সাকিব আল হাসান দিয়ে গেলেন একই উত্তর—সিদ্ধান্তটা ঠিকই ছিল। কোচের সঙ্গে আলাপ করে ড্রেসিংরুম থেকেই সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলেন। টস জেতার পর ‘ফিল্ডিং’ বলতে এক মুহূর্তও ভাবেননি। সেই সিদ্ধান্ত বুমেরাং প্রমাণিত হওয়ার পরও তাঁর দাবি, ‘আমি মনে করি না সিদ্ধান্তটা ভুল ছিল।’ভারতের ৩৭০ রানের জবাবে বাংলাদেশ ৯ উইকেটে ২৮৩— সিদ্ধান্তের পক্ষে এটাই ঢাল বাংলাদেশ অধিনায়কের। পরে ব্যাট করেও তো খারাপ করেনি ব্যাটসম্যানেরা! ‘সব ব্যাটসম্যানই ক্রিকেটিং শট খেলে রান করেছে। কেউ বাজে শট খেলে আউট হয়নি। সে জন্যই আমরা তিন শর কাছাকাছি করেছি’—বললেন সাকিব। পরে ব্যাট করার অংশটা না হয় ঠিক আছে, কিন্তু আগে বোলিং করার ব্যাপারটা? সাকিবের ব্যাখ্যা, ‘সিদ্ধান্ত ভুল ছিল না। ভেবেছিলাম, ভালো বল করবে বোলাররা। কিন্তু ফাস্ট বোলাররা প্ল্যান কাজে লাগাতে পারেনি। বাউন্ডারি মারার বল বেশি দিয়ে ফেলেছে। আর পাওয়ার প্লেতেও আরও ভালো বল করতে হবে আমাদের।’এই ম্যাচের আলোকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে কোথায় উন্নতি করতে হবে, তা চিহ্নিত করতে পেরেছেন সাকিব, ‘বোলিংয়ে অনেক উন্নতির জায়গা আছে। ফাস্ট বল বা স্পিন, ভালো জায়গায় বল ফেলতে হবে।’ দুই পেসার রুবেল-শফিউল দুজনই অভিজ্ঞতায় একটু পিছিয়ে। পেস বোলিংয়ের দুর্বলতা কি দলে মাশরাফির অভাবটাই অনুভব করাচ্ছে না? সাকিব সেটা মেনে নিলেন, ‘যেহেতু উনি স্কোয়াডে নেই, আমাদের তাঁর ব্যাপারে ভাবার সুযোগ ছিল না। তবে হ্যাঁ, তিনি দলে থাকলে হয়তো ভালো হতো। তার পরও আমাদের যারা আছে তারা গত কয়েকটা সিরিজেই ভালো বল করেছে।’শুধু গত কয়েকটা সিরিজেই নয়, বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচেও দারুণ বল করেছেন শফিউল। কিন্তু বিশ্বকাপের চাপ যেন নিতে পারেনি তাঁর তরুণ কাঁধ! অধিনায়ক অনুমিতভাবেই পাশে দাঁড়ালেন শফিউলের, ‘কিছুটা নার্ভাস সে থাকতেই পারে। ওদের যে রকম ব্যাটসম্যান, বাজে বলে মারবেই। তবে ভালো বলেও অনেক সময় তারা শট খেলেছে। হয়তো এটাই চাপে ফেলে দিয়েছে ওকে।’তামিম ইকবাল-ইমরুল কায়েসের ওপেনিং জুটিতে কাল উল্টো দৃশ্যই চোখে পড়েছে। ইমরুল শুরু থেকেই ধুমধাম মারলেন আর তামিম কি না ফিফটিই করলেন ৭১ বলে! ৮৬ বলে ৭০ রানের ইনিংসে তামিম যেন তাঁর পরিণত ছবিটাই ফুটিয়ে তুললেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সাকিবেরও তাই মত, ‘আমি বলব, তামিম খুবই দায়িত্বশীল ব্যাটিং করেছে। ইমরুল শুরু থেকেই মারছিল। সে জন্যই তামিম একটু ধরে খেলেছে। আমার মনে হয়, এটার দরকার ছিল ওই সময়ে।’ভারতের বিপক্ষে মোহাম্মদ আশরাফুল নেই, ব্যাপারটা বিস্মিত করেছে ভারতীয় সাংবাদিকেরও। তাঁদেরই একজন আশরাফুলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন। সাকিবের কূটনৈতিক উত্তর, ‘আমাদের মনে হয়েছে এই ম্যাচের জন্য এটাই আমাদের সেরা দল।’সেরা দল, টস জয়—সবই তো ছিল সাকিবের সঙ্গে! ছিল না কি তাহলে ভাগ্য? এই ম্যাচের আগে প্রথম আলোতে লেখা কলামে যে ভাগ্যের ছোঁয়া তিনি পেয়েছিলেন।