সহকারী অধ্যাপক, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রামভালো ফলের জন্য শুধু ভালো প্রস্তুতি থাকলেই চলবে না, ভালো প্রস্তুতির প্রমাণ রাখতে হবে। তুমি কী ধরনের ছাত্র তা পরীক্ষক দেখবেন না। তিনি দেখবেন তুমি পরীক্ষার খাতায় কেমন উপস্থাপন করেছ। অবশ্যই সঠিক নিয়মে যথাযথভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে। পদার্থবিজ্ঞান বিষয়ে রচনামূলক ও নৈর্ব্যক্তিক অংশের পরীক্ষা হবে একই দিনে। সাধারণত রচনামূলক অংশে দুটি বিভাগ থাকে। ক বিভাগে ১০টি প্রশ্ন থেকে ৫টি প্রশ্নের এবং খ বিভাগ থেকে ১০টি প্রশ্ন থেকে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার খাতায় সার্বিক পরিচ্ছন্নতা, নির্ভুল, মানসম্মত, যথাযথ ও প্রাসঙ্গিক উত্তর লিখতে হবে। হাতের লেখা স্পষ্ট, সুন্দর হতে হবে।রচনামূলক অংশে ৪০ নম্বরের জন্য ২ ঘণ্টা সময় যথেষ্ট। সুন্দর পরিকল্পনা ও সঠিক প্রশ্ন বাছাই করলে ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে উত্তর সম্পন্ন হয়ে যাবে। বাকি ১৫ মিনিট রিভিশনের কাজে লাগবে। কোনো প্রশ্নের উত্তরে চিত্রের কথা উল্লেখ না থাকলেও জ্যামিতির উপপাদ্যের মতো বর্ণনা থাকলে উত্তরে অবশ্যই চিহ্নিত চিত্র দিতে হবে। যেমন, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে, দর্পণের ফোকাস দৈর্ঘ্য তার বক্রতার ব্যাসার্ধের অর্ধেক বা ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিপাদন করো। এখানে চিত্রের কথা উল্লেখ নেই। কিন্তু উত্তর লেখার সময় অবশ্যই চিত্র দিতে হবে। সংজ্ঞার ক্ষেত্রে সঠিক সংজ্ঞা ও উদাহরণ লিখলে পূর্ণ নম্বর পাওয়া যাবে। প্রশ্ন হাতে পেয়েই যেসব প্রশ্নের উত্তর দেবে, তা ঠিক করে ফেলবে। পদার্থবিজ্ঞান বিষয়, উত্তর হবে প্রাসঙ্গিক। অর্থাৎ প্রশ্নে যে বিষয় চাওয়া হয়েছে, উত্তরে ঠিক তা-ই থাকতে হবে। কোনো প্রশ্নের উত্তরে পার্থক্য থাকলে পার্থক্যসূচক বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে লেখা ভালো। উত্তরের ভাষা সহজ-সরল ও প্রাঞ্জল হবে। অবান্তর ও অপ্রয়োজনীয় কিছু লিখবে না।নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তরের জন্য পাঠ্যবইয়ের ২৫টি অধ্যায়ের প্রতিটি লাইন বারবার পড়বে, গুরুত্বপূর্ণ তথ্য যেমন সাল, একক, মাত্রার নিচে দাগ দিয়ে রাখবে। গাণিতিক সমাধানগুলো দ্রুত ও নির্ভুল করার জন্য বারবার অনুশীলন করতে হবে। নৈর্ব্যক্তিক অংশের উত্তরপত্রে (আলাদা সিট) ৩৫টি বৃত্ত ভরাট হলো কি না গণনা করে আসবে। শেষের ১০-১৫ মিনিট অবশ্যই রিভিশন দেবে। এতে বেশ কিছু ভুল সেরে নেওয়া যাবে।