ঠিকাদার, পরামর্শক প্রতিষ্ঠান ও চউকের সমন্বয়হীনতা দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে উড়ালসড়কের বাকি কাজ বিশেষজ্ঞ কমিটির মতামত নিয়ে শেষ করার সুপারিশ করেছে জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি। গার্ডার ভেঙে দুর্ঘটনা ও হতাহতের জন্য ঠিকাদার, পরামর্শক প্রতিষ্ঠান ও বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সমন্বয়হীনতাকে দায়ী করেছে কমিটি। গতকাল শুক্রবার রাতে কমিটি তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে দাখিল করেছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খালেদ মামুন চৌধুরী পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির প্রধান। কমিটির অন্য সদস্যরা হলেন: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী তফাজ্জল আহমদ, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ, চট্টগ্রাম সিভিল সার্জনের প্রতিনিধি এইচ এম আহসানুল হক এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপপরিচালক আবদুল মালেক। গত শনিবার তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।গত ২৪ নভেম্বর সন্ধ্যায় নগরের বহদ্দারহাট জংশনে ১২ ও ১৩ নম্বর পিলারের (স্প্যান) তিনটি গার্ডার আছড়ে পড়ে। এতে ১২ জন পথচারী নিহত ও আরও ২০ জন আহত হন। দুর্ঘটনার আগমুহূর্ত পর্যন্ত ১ দশমিক ৩৩২ কিলোমিটার দৈর্ঘ্যের উড়ালসড়কে ১৬৮টির মধ্যে ১৩২টি গার্ডার লাগানো হয়, যার একটি গত ২৯ জুন এবং গত ২৪ নভেম্বর আরও তিনটি ধসে পড়ে। প্রকল্পটির প্রাক্কলিত বরাদ্দ ছিল ১০৬ কোটি টাকা। পরে আরও নয় কোটি টাকা বাড়ানো হয় বলে চউক সূত্র জানায়। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খালেদ মামুন প্রথম আলোকে বলেন, ‘বহদ্দারহাট জংশনে উড়ালসড়ক নির্মাণের ক্ষেত্রে চউক, ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের মধ্যে সমম্বয়হীনতা ছিল, যা মাঠ পর্যায়ে তদন্ত করে আমরা জানতে পেরেছি। এ ছাড়া দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতাসহ সব বিষয় আমরা তুলে আনার চেষ্টা করেছি।’তদন্ত প্রতিবেদনে বলা হয়, পর্যাপ্ত নিরাপত্তা না নিয়ে অরক্ষিত অবস্থায় উড়ালসড়কের নির্মাণকাজ শুরু করা হয়। কাজ শুরুর আগে জনগণকে সচেতন করা হয়নি। তদন্ত কমিটি উড়ালসড়কের বাকি কাজ শেষ করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শসহ ১২টি সুপারিশ করেছে। নয় পৃষ্ঠার প্রতিবেদনে দুর্ঘটনার কারণ, ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের সমম্বয়হীনতা ও ঠিকাদারের সক্ষমতা তুলে ধরা হয়। তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে বলা হয়, বহদ্দারহাট জংশনে উড়ালসড়কের ১২ ও ১৩ নম্বর পিলারে (স্প্যান) সাতটির মধ্যে পাঁচটি গার্ডার বসানো ছিল। দক্ষিণ দিক থেকে ৩ নম্বর গার্ডারটি লিফট (ওঠানো) করে শিফটিংয়ের (সরানো) কাজ চলছিল শনিবার সন্ধ্যার দিকে। এ ক্ষেত্রে গার্ডারের দুই পাশে হাইড্রোলিক জ্যাক লাগিয়ে সমান্তরালভাবে শিফটিংয়ের কাজ করা উচিত ছিল। কিন্তু এর ব্যত্যয় ঘটেছে বলে এক পাশের হাউড্রোলিক জ্যাক অকেজো হয়ে পড়ে। এতে ভারসাম্য হারিয়ে একসঙ্গে তিনটি গার্ডার নিচে আছড়ে পড়ে। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, ১২ ও ১৩ নম্বর স্প্যানে দক্ষিণ দিক থেকে প্রথম ও দ্বিতীয় গার্ডার যথাস্থানে বসানো ছিল। কিন্তু ক্রসগার্ডার করা ছিল না।ঠিকাদারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে তদন্ত কমিটি। এতে বলা হয়, মীর আখতার ও পারিসা লিমিটেড নামের যৌথমূলধনি কোম্পানি উড়ালসড়ক নির্মাণের কাজ পায়। কিন্তু এত বড় প্রকল্প নির্মাণের অভিজ্ঞতা আছে কেবল মীর আখতার নামের প্রতিষ্ঠানটির। দরপত্রের চুক্তিতে মীর আখতার মূল কাজগুলো করার কথা ছিল। এই প্রতিষ্ঠানটি কেবল পারিসা লিমিটেডকে প্রকল্পটি বাস্তবায়নের ভার তুলে দেয়। অথচ উড়ালসড়ক নির্মাণ করার মতো পারিসা লিমিটেডের কোনো অভিজ্ঞতা নেই।