সড়ক ভবনে গুলির ঘটনায় জড়িত ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) যেসব কর্মচারী এ ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের শাস্তি নিশ্চিত করার কথা বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে।আজ রোববার সকালে সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিকের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন তিন সদস্যবিশিষ্ট কমিটির প্রধান ও সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলী। পরে যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যালয়ে মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন তদন্ত কমিটির প্রধান ও সচিব।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলী বলেন, দরপত্র পেতে ঠিকাদারদের আধিপত্য বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করেই ১২ জুন বিকালে সড়ক ভবনে গুলির ঘটনা ঘটে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে মোট ছয়টি সুপারিশ করেছেন তাঁরা। এর মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনায় দোষী ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা এবং সড়ক বিভাগের ঢাকা জোনকে ই-টেন্ডার পদ্ধতির আওতায় রাখা অন্যতম।এ ছাড়া আরও যেসব সুপারিশ করা হয় সেগুলো হচ্ছে, ঢাকা সড়ক বিভাগকে দুটি জোনে বিভক্ত করা, দরপত্রের ক্ষেত্রে সরকারী ক্রয় নীতিমালা যথাযথ অনুসরণ করা, কর্মচারী ইউনিয়নের কাজ নীতিমালার মাধ্যমে সুনির্দিষ্ট করা, জড়িত কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।ক্ষমতাসীন দলের সমর্থক দুটি পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১২ জুন সড়ক ভবনে গুলির ঘটনা ঘটে। এই ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শামীম শাহরিয়ারসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। সওজের সরকার সমর্থক কর্মচারী ইউনিয়নের সহসভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক কামাল উদ্দীন খন্দকার এবং ক্যাশ সরকার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সওজ এরই মধ্যে কামাল, ফজলুর রহমান ও আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করেছে।