নিয়ম ভেঙে চট্টগ্রাম বন্দরে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডকে প্রায় সোয়া নয় কোটি টাকা দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এই প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরের দুটি চুক্তি হয়। একটি চুক্তি পাশ কাটিয়ে এই টাকা দেওয়া হচ্ছে।বন্দর সূত্র জানায়, চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) নিয়োজিত ঠিকাদার হিসেবে সাইফ পাওয়ারটেককে স্বয়ংক্রিয় পদ্ধতির কাজ বাস্তবায়নের জন্য প্রায় পৌনে দুই কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। অথচ ঠিকাদারের সঙ্গে টার্মিনাল পরিচালনার চুক্তির ধারা অনুযায়ী এ কাজের জন্য বাড়তি বিল পাওয়ার কথা নয় বলে একটি তদন্ত কমিটি উল্লেখ করেছে।একইভাবে গণখাতে ক্রয়বিধি যথাযথ অনুসরণ না করে খালি কনটেইনার অপসারণের চুক্তিমূল্যের চেয়ে বাড়তি সাড়ে সাত কোটি টাকা দিচ্ছে বন্দর। এ ক্ষেত্রে ১৫ কোটি ৮০ লাখ টাকার দরপত্রের ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ২৫ কোটি টাকা। বন্দর সূত্র জানায়, সিসিটি পরিচালনার জন্য বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সাইফ পাওয়ারটেক লিমিটেডের তিন বছর মেয়াদি চুক্তি হয় ২০০৯ সালের ৯ ডিসেম্বর। ওই চুক্তিতে বলা হয়েছে, ‘বন্দর কর্তৃপক্ষ কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি বাস্তবায়ন করতে পারে। চুক্তিকালীন এই পদ্ধতি বাস্তবায়ন করলে ঠিকাদারের নিজ খরচে বাস্তবায়ন করতে হবে।’ জানা গেছে, আজ ৮ ডিসেম্বর এই টার্মিনাল পরিচালনার চুক্তির মেয়াদ শেষ হবে। জানতে চাইলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বন্দরের জনবল দিয়ে সিসিটি ও এনসিটি এলাকায় স্বয়ংক্রিয় পদ্ধতির যেসব কাজ করার কথা, সেগুলো প্রতিষ্ঠানটি করেছে। এ কারণে শুধু বাড়তি জনবলের বিল দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীকে দিয়ে এটি উদ্বোধনের জন্য জরুরি ভিত্তিতে ওই কাজগুলো করতে হয়েছিল।’ একই প্রতিষ্ঠানের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের খালি কনটেইনার অপসারণের আরও একটি চুক্তি হয় ২০০৮ সালের ৩০ জুন। চার বছর মেয়াদি প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকার এই চুক্তি নিয়মানুযায়ী শেষ হয় গত জুনে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান দেরিতে কাজ শুরু করায় গত নভেম্বরে চুক্তি শেষ হয়। নতুন করে ঠিকাদার নিয়োগ না হওয়ায় চুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, সরবরাহকারী হিসেবে খালি কনটেইনার অপসারণের এই কাজের জন্য ঠিকাদার নিয়োগ হয় উন্মুক্ত দরপদ্ধতির মাধ্যমে। এ ক্ষেত্রে গণখাতে ক্রয়বিধির ৭৭ ধারার তফসিল ২ অনুযায়ী মূল চুক্তিমূল্যের অনধিক ১৫ শতাংশ মূল্যের অতিরিক্ত কার্যাদেশ দেয় বন্দর। এ হিসেবে দুই কোটি ৩৭ লাখ টাকা অতিরিক্ত কার্যাদেশের বিল অনুমোদনও করে বন্দর বোর্ড। কিন্তু বিল আরও বেশি হওয়ায় এবার উন্মুক্ত দরপদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয়চুক্তির একটি ধারা (৭৪-৪) ব্যবহার করেন বন্দর কর্মকর্তারা। অথচ এ ক্ষেত্রে এই ধারা ব্যবহারের সুযোগ নেই। এই ধারা অনুযায়ী, চুক্তিমূল্যের অনধিক ১৫ শতাংশের বাইরে আরও সাড়ে পাঁচ কোটি টাকা পরিশোধ করেছে বন্দর কর্তৃপক্ষ। আরও দুই কোটি টাকা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, গত ২৮ নভেম্বর এ কাজের দরপত্র জমা নেওয়া হয়েছে। এখন মূল্যায়ন চলছে। এ ক্ষেত্রে নতুন করে ঠিকাদার নিয়োগে আরও সময় লাগছে।এ প্রসঙ্গে বন্দর চেয়ারম্যান বলেন, খালি কনটেইনার অপসারণ কার্যক্রমে কিছু বাড়তি কাজ যোগ হয়েছে, যে কারণে চুক্তিমূল্যের চেয়ে বিল বেশি এসেছে। তবে বন্দরের খালি কনটেইনার অপসারণের কার্যক্রম সার্বক্ষণিক চালু রাখার বিকল্প নেই। এ কারণে সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণ করে বিল পরিশোধ করা হচ্ছে।