ঠিকাদারদের কাজে গাফিলতির জন্য সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধ মেরামত ও ক্লোজার নির্মাণের কাজ সময়মতো শেষ করা যায়নি। এ কারণে হাওরের বাঁধগুলো অকালবন্যার পানি ঠেকাতে পারেনি। আর তাতে বাঁধ ভেঙে ৩০ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, ঠিকাদারদের অনেকেই স্থানীয়ভাবে প্রভাবশালী। রাজনৈতিক দলগুলোর সঙ্গে রয়েছে তাঁদের নানা রকম সম্পর্ক। এ কারণে কখনোই ঠিকাদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।পাউবো সূত্রে জানা গেছে, পাউবোর সুনামগঞ্জ বিভাগের পক্ষ থেকে ঢাকার প্রধান কার্যালয়ে ঠিকাদারদের জরিমানা করার সুপারিশ করা হয়েছে। সম্প্রতি পাউবোর সুনামগঞ্জ শাখা থেকে হাওরের বন্যায় ফসলহানির কারণ সম্পর্কে ঢাকায় প্রধান কার্যালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রতিবেদনটিতে সার্বিক অবস্থা তুলে ধরে এসব কথা বলা হয়। প্রতিবেদনে ভবিষ্যতে হাওরের ফসল রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা সুপারিশ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গণখাতে ক্রয় আইন পিপিআরের বিধানগুলো হাওরের মতো জটিল ধরনের কাজের ক্ষেত্রে ফলপ্রসূ হচ্ছে না। ক্রয় আইন ও বিধিমালা অনুযায়ী, ঠিকাদারদের নোটিশ দেওয়ার ২৮ দিনের আগে কাজ বাতিল করা সম্ভব হয় না। ২৮ দিন বিকল্প ঠিকাদার নির্বাচন করতে যে সময় লাগে, তাতে বাঁধ মেরামতের নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে যায়।পাউবোর সুনামগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম বলেন, এই ঘটনার জন্য দায়ী ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য দাপ্তরিক কাজ চলছে।পাউবোর হাওর ব্যবস্থাপনা: পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, শীতের শুরুতে অক্টোবর থেকে হাওরের পানি নিষ্কাশন শুরু হয়। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে পানি নিষ্কাশিত হলে বোরো চাষ শুরু হয়। আকস্মিক বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ না হলে হাওরের জলাভূমি থেকে সার, সেচসুবিধা ছাড়াই প্রায় আট লাখ মেট্রিক টন ধান উত্পাদিত হয়। এর বাজারদর প্রায় দেড় হাজার কোটি টাকা।বোরো ফসল উত্পাদনের সর্বশেষ সময়সীমার মধ্যে (৩০ এপ্রিল থেকে ১৫ মে) আকস্মিক বন্যায় যেন উঠতি ফসল পানিতে তলিয়ে না যায়, সে জন্য হাওরের চারদিকে ডুবন্ত বাঁধ তৈরি করে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ জেলার হাওরের ডুবন্ত বাঁধের উচ্চতা জায়গাবিশেষে সর্বনিম্ন ৬ দশমিক শূন্য ৩ থেকে সর্বোচ্চ ৭ দশমিক ৫০ মিটার পর্যন্ত নির্ধারিত। ১৫ মের মধ্যে নদীতে পানি পুরোপুরি আসার পর ডুবন্ত বাঁধগুলো দুই থেকে তিন মিটার পানিতে তলিয়ে যায়। এ অবস্থায় হাওরগুলো সম্পূর্ণ পানিতে নিমজ্জিত হয়ে যায়।শীতের শুরুতে হাওর থেকে পানি নেমে যাওয়ার পর পুনরায় বোরো ধান চাষাবাদের প্রস্তুতি শুরু হয় এবং পাউবোর বিধ্বস্ত ডুবন্ত বাঁধগুলো পুনর্নির্মাণ ও নিষ্কাশন খালগুলোতে ক্লোজার তৈরির কাজ শুরু হয়।এবারের বাঁধ মেরামতের কার্যক্রম: চলতি ২০০৯-১০ অর্থবছরে সুনামগঞ্জ ও সিলেটে সব মিলিয়ে ৪০টি হাওরে মোট ৮৩ দশমিক ২৯৮ কিলোমিটার বাঁধ মেরামত (পুনরাকৃতিকরণ) ও খালের মুখে ৪৮ দশমিক ৫৬৩ কিলোমিটার দৈর্ঘ্যের ৮০৪টি ক্লোজার নির্মাণের কর্মসূচি ছিল। এসব কাজে মোট বরাদ্দ ১৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকা।এর মধ্যে সুনামগঞ্জে ১৪ কোটি ৩৯ লাখ ছয় হাজার টাকা ব্যয়ে ৩৭টি হাওরের ৮০ দশমিক ৮৯৮ কিলোমিটার বাঁধ পুনরাকৃতি এবং ৪৬ হাজার ৬১০ মিটার দৈর্ঘ্যের ৭২৮টি ক্লোজার নির্মাণের কথা ছিল। আর সিলেটে ৪৮ লাখ ১৭ হাজার টাকায় তিনটি হাওরের ২ দশমিক ৪ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ ও এক হাজার ৯৫২ মিটার দৈর্ঘ্যের মোট ৭৬টি ক্লোজার নির্মাণের কর্মসূচি ছিল।গত জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে কাজ শুরু হয়। কার্যাদেশ অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু কোনো ঠিকাদারই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি। এমনকি সময় বাড়ানোরও আবেদন করেননি কেউ।নির্ধারিত সময়ে বাঁধ মেরামতকাজ শেষ না হওয়ায় এবং ২ এপ্রিল থেকে আকস্মিক পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে সুরমা নদীতে অস্বাভাবিকভাবে পানি বেড়ে যায়। এর ফলে সুনামগঞ্জে কয়েকটি হাওরের বাঁধ উপচে উঠতি ফসল তলিয়ে যায়। এ কারণে সংশ্লিষ্ট ঠিকাদারেরা স্থানীয় কৃষক ও জনগণের রোষানলে পড়লে তাঁরা পালিয়ে যান। ফলে অধিকাংশ ক্ষেত্রেই পানি উন্নয়ন বোর্ডের সরবরাহ করা বস্তা, বাঁশ, চাটাই দিয়ে স্থানীয় প্রশাসন বা ইউপি চেয়ারম্যান এবং মেম্বারদের সহায়তায় বাঁধ মেরামতকাজ করা হয়েছে।পাউবোর প্রতিবেদনে বলা হয়, হাওরের বাঁধ মেরামতকাজের গুরুত্ব অনুধাবন করতে না পারায় কার্যাদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিকাদারেরা কাজ শুরু করেননি। ঠিকাদারদের আন্তরিকতার অভাবও ছিল।বাঁধ মেরামত চলাকালে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে ৩০ মার্চ থেকে বৃষ্টিপাতের ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা, কুশিয়ারা নদীর পানির উচ্চতা দ্রুত বেড়ে যায়। অকাল বন্যার ফলে সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার চন্দ্রসোনার থাল, সোনামোড়ল এবং জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের বাঁধ উপচে উঠতি ফসল পানিতে তলিয়ে যায়।এপ্রিলে সুরমা নদীর পানির উচ্চতা নির্ধারিত বিপত্সীমা (১৩.২০ মিটার) অতিক্রম করে এবং ৪ এপ্রিল সুনামগঞ্জে বাঁধ উপচে আরও কয়েকটি হাওরের উঠতি ফসল পানিতে তলিয়ে যায়। এ পর্যন্ত প্রায় মোট ২৩টি হাওর ক্ষতিগ্রস্ত হয়েছে।সুনামগঞ্জ জেলায় পানি উন্নয়ন বোর্ডের হাওরগুলোর আওতায় এক লাখ ২২ হাজার ৮৭৭ হেক্টরের মধ্যে প্রায় ৩০ হাজার ৮৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম।