ঠিকাদারির লটারি নিয়ে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১০
নাটোরে এলজিইডির ৭৫ লাখ টাকার কাজের ঠিকাদার মনোনয়নের লটারির অনুষ্ঠান নিয়ে যুবলীগ-ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করেছে। আজ রোববার সকালে নাটোর এলজিইডি চত্বরে এই ঘটনা ঘটে।নাটোর থানা সূত্র জানায়, আজ এলজিইডি নাটোর কার্যালয়ে ৭৫ লাখ টাকার রাস্তা নির্মাণকাজের ঠিকাদার নিয়োগের লটারি অনুষ্ঠানের দিন ছিল। বেলা সাড়ে ১১টায় দরপত্রে অংশ নেওয়া ১৩ জন ঠিকাদারের ১০ জনের উপস্থিতিতে লটারি শুরু হয়। শান্তিপূর্ণভাবে লটারি শেষ হওয়ায় কিছুক্ষণ পরই যুবলীগের সমর্থিত কয়েকজন ঠিকাদার এসে পুনরায় লটারি করার দাবি জানায়।এ নিয়ে উপস্থিত ছাত্রলীগ ও যুবলীগের সমর্থিত ঠিকাদারদের কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেলে এলজিইডি চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বর রণাঙ্গনে পরিণত হয়।এ সময় সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আপেল মাহমুদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুনসহ বিপুলসংখ্যক পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইটপাটকেল ও খুরের আঘাতে হিরা, বেলাল, আফজাল, শাহিনসহ ১০ জন আহত হয়েছেন।এলজিইডির নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেন বলেন, অধিকাংশ ঠিকাদারের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির ফলাফল পরে জানানো হবে। সন্ত্রাসী ঘটনার ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি কোনো রাজনৈতিক বিষয় নয়। ঘটনাস্থলে যুবলীগ বা ছাত্রলীগের কেউ ছিলেন না।সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ঠিকাদারেরা হট্টগোলে জড়িয়ে পড়েছিল। আমরা লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। যারা সন্ত্রাস করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’